দেশজুড়ে আফ্রিকান সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়ায় ২০১৯-২০ মৌসুমে ভুট্টার চাহিদা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে চীন। খবর রয়টার্স।

চীনের কৃষি মন্ত্রণালয় সম্প্রতি জানায়, গত মাসে দেশটির ভুট্টার অভ্যন্তরীণ চাহিদার প্রাক্কলন করা হয়েছিল ২৮ কোটি টন। কিন্তু সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাবে দেশটিতে পশুখাদ্য হিসেবে পণ্যটির চাহিদা কমে গেছে। যে কারণে কৃষিপণ্যটির অভ্যন্তরীণ চাহিদা প্রাক্কলনের তুলনায় ২০ লাখ টন কমে যাবে।

দেশটির সরকারি তথ্যমতে, সোয়াইন ফ্লুর কারণে চলতি বছরের মে মাসে দেশটিতে পশুপালন ২৩ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে অন্যান্য সংস্থার মতে, এ সংখ্যা দ্বিগুণ পরিমাণ হবে।

মন্ত্রণালয়ের মাসভিত্তিক শস্য উৎপাদন প্রতিবেদনে বলা হয়েছে, চাহিদা কমে যাওয়ায় দেশটিতে ভুট্টা রোপণও কমিয়ে দেয়া হয়েছে। দেশের উত্তরের কয়েকটি অঞ্চলে কম ভুট্টা রোপণ এবং এর পরিবর্তে সয়াবিনের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে বেইজিং। এই প্রবণতার কারণে ভুট্টার আনুমানিক উৎপাদন ৯ লাখ ২০ হাজার টন কমে ২৫ কোটি ৩০ লাখ টনে দাঁড়াবে।