তাসখন্দের ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির আহ্বান জানিয়েছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। এজন্য তাসখন্দের গভর্নর শাভকত উমরাজাকভকে সেখানকার ব্যবসায়ীদের উৎসাহিত করার অনুরোধ জানিয়েছেন তিনি। ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল তাসখন্দের গভর্নরের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ আহ্বান জানান। এ সময় গভর্নর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন ও যোগসূত্রের বর্ণনা দিয়ে এ সম্পর্ককে আরো ঘনিষ্ঠতর ও প্রসারিত করতে ঐতিহাসিক শহর হিসেবে খ্যাত তাসখন্দ বিশেষ অবদান রাখতে পারে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন। বিশেষ করে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ সাংস্কৃতিক ও পর্যটন সহযোগিতা সম্প্রসারণে কার্যকরী ও ফলপ্রসূ ভূমিকা রাখার ক্ষেত্রে তাসখন্দ শহরের অপার সুযোগ রয়েছে বলে তিনি যোগ করেন। 

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ের গৌরবময় ইতিহাস বর্ণনা করতে গিয়ে রাষ্ট্রদূত ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য সম্পর্কে গভর্নরকে অবহিত করেন। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে স্বীকৃত উল্লেখ করে রাষ্ট্রদূত তাসখন্দে একটি যথাযথ স্থানে শহীদ মিনার স্থাপনের প্রস্তাব দেন। তিনি বাংলাভাষা, সাহিত্য, সংস্কৃতিকে তাসখন্দে পরিচিতি ও বিকাশে গভর্নরের সমর্থন কামনা করেন। 

তাসখন্দের গভর্নর শাভকত উমরাজাকভ ব্যবসায়িক, বিনিয়োগ, সাংস্কৃতিক ও পর্যটন সহযোগিতাকে আরো গতিশীল করতে তিনি রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।