উত্তর আমেরিকার কোম্পানিগুলোর মধ্যে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) নষ্ট ব্যাটারি পুনর্ব্যবহার নিয়ে অনেকটা কাড়াকাড়ি অবস্থার সৃষ্টি হয়েছে। মার্কিন মূল্যস্ফীতি হ্রাস আইনের (আইআরএ) ছোট একটি ধারার কারণে কোম্পানিগুলো প্রতিযোগিতাপূর্ণভাবে ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতে জোর দিচ্ছে। অঞ্চলটিকে এখন ইভির বাজার দখলের বৈশ্বিক লড়াইয়ে চীনা আধিপত্যের লাগাম টেনে ধরতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। খবর রয়টার্স।

আইআরএতে এমন একটি ধারা রয়েছে যার আওতায় যুক্তরাষ্ট্রে ইভি ব্যাটারিকে পুনর্ব্যবহারযোগ্য করতে কাজ করা সব কোম্পানিকে ভর্তুকি দেয়া হয়। পুনঃপ্রক্রিয়াজাতযোগ্য ব্যাটারি ইভি উৎপাদনের জন্য যুক্তরাষ্ট্রের অটোমেকারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, পুনঃপ্রক্রিয়াজাত প্রক্রিয়ার প্রভাবে মার্কিন কারখানা নির্মাণের ধুম পড়ে গেছে। পুনর্ব্যবহারযোগ্য ব্যাটারি নিয়ে অটোমেকারদের আরো গবেষণা করতে উৎসাহিত করছে। এর ফলে শেষ পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোর ক্রেতাদের পুরনো ব্যবহৃত ইভি কেনা কঠিন হতে পারে।

গবেষণা সংস্থা ইএমআর অনুসারে, ইভি ব্যাটারি রিসাইক্লিংয়ের বিশ্ববাজার চীন ২০২২ সালের ১ হাজার ১০০ কোটি ডলার থেকে ২০২৮ সালের মধ্যে ১ হাজার ৮০০ কোটি ডলার পর্যন্ত বৃদ্ধির প্রত্যাশা করছে। যত বেশি ইভি চালু হবে এবং বয়স বেড়ে পুরনো হবে, তত বেশি ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাত ব্যবসার বাজার বড় হবে। বিএমডব্লিউর জ্যেষ্ঠ কর্মকর্তা থমাস বেকার বলেছেন, প্রতিটি গাড়িতে থাকা ব্যাটারিগুলোর প্রাথমিক উপাদান লিথিয়াম, কোবাল্ট ও নিকেলের গড় মূল্য ১ হাজার ইউরো (১ হাজার ১২৩ ডলার) থেকে ২ হাজার ইউরোর মতো।

কানাডিয়ান ব্যাটারি রিসাইক্লিং ফার্ম লি-সাইকেলের ভাইস প্রেসিডেন্ট লুই ডিয়াজ বলেছেন, ‘‌অটোমেকাররা ইভি উৎপাদন বাড়ানোয় আগামী কয়েক বছর পর এ উপকরণগুলোর সরবরাহস্বল্পতা দেখা দিতে পারে। কিন্তু যতবার খুশি পুনর্ব্যবহার হওয়ায় এ ব্যাটারিগুলো কখনই শক্তি হারাবে না।’ লি-সাইকেল চলতি বছরের শেষ দিকে নিউইয়র্কে প্লান্ট খোলার জন্য ৩৭ কোটি ৫০ লাখ ডলার সরকারি ঋণ পেয়েছে। ডিয়াজ বলেছেন, তহবিলটি প্লান্টের বিনিয়োগ কার্যক্রমকে এগিয়ে নিতে সাহায্য করেছে।

রেডউড মেটেরিয়ালসের সিইও জেবি স্ট্রবেল বলেছেন, ‘‌আইআরএ পুনর্ব্যবহৃত ব্যাটারিসামগ্রীকে ‘‌শহুরে খনি’ হিসেবে বিবেচনা করে। তারা মনে করে, খনন করে পাওয়ার চেয়ে রিসাইকেলযোগ্য করে তোলা বেশি লাভজনক।’ মার্কিন প্রশাসন থেকে রেডউড মেটেরিয়ালসের জেবি স্ট্রবেলও গত ফেব্রুয়ারিতে নেভাদায় ব্যাটারি উপাদান পুনর্ব্যবহার ও পুনর্নির্মাণ কমপ্লেক্স তৈরির জন্য ২০০ কোটি ডলার সরকারি ঋণ পেয়েছেন। প্রণোদনা মার্কিন কম্পানিগুলোকে তাদের ইউরোপীয় ইউনিয়নের কাউন্টারপার্টগুলোর তুলনায় পুনঃপ্রক্রিয়াজাত কর্মযজ্ঞে দ্রুত অগ্রসর হতে উৎসাহিত করেছে। 

অ্যাসেন্ড এলিমেন্টস, লি-সাইকেল ও অন্যান্য পুনঃপ্রক্রিয়াজাত ফার্মগুলো আগামী বছরগুলোয় ইউরোপীয় প্লান্ট নির্মাণের পরিকল্পনা করছে। তবে তহবিল সুবিধা ও ‘‌ মেড ইন আমেরিকা’ প্রণোদনার ফলে বেশ কয়েকটি মার্কিন প্লান্ট এরই মধ্যে নির্মাণাধীন রয়েছে, যা ইভি খাতে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখবে।

অ্যাসেন্ড এলিমেন্টস এরই মধ্যেই জর্জিয়ায় একটি পুনঃপ্রক্রিয়াজাত প্লান্ট চালু করেছে। 

কোম্পানিটি কেনটাকিতে আরো একটি প্লান্টের বিপরীতে অবকাঠামো আইনের অধীনে এনার্জি ডিপার্টমেন্ট থেকে প্রায় ৫০ কোটি ডলারের অনুদান পেয়েছে। কেনটাকি প্লান্ট ২০২৩ সালের শেষ দিকে উদ্বোধন করার কথা রয়েছে। অ্যাসেন্ড এলিমেন্টসের সিইও মাইক ও’ক্রনলি বলেছেন, ‘‌এটি (আইআরএ) ব্যাটারিসামগ্রীর চাহিদার সমীকরণ পাল্টে দেবে। আমাদের এসব মূল্যবান উপকরণগুলো দরকার, যাতে আমরা এগুলোকে পুনরায় ইভিতে কাজে লাগাতে পারি।’