এপ্রিলে মার্কিন ব্যাংকগুলোয় আমানত কমেছে। একই সময়ে বেড়েছে ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণের চাহিদা। গত দুই বছরের মধ্যে আমানতের পরিমাণ সর্বনিম্নে পৌঁছেছে, যা মার্কিন ব্যাংক খাতে চলমান বিপর্যয় ও মানুষের মধ্যে বিরাজমান আতঙ্ককেই প্রকাশ করছে। সম্প্রতি এমনটাই উঠে এসেছে ফেডারেল রিজার্ভ প্রকাশিত প্রতিবেদনে।

ফেডারেল রিজার্ভের তথ্যের বরাতে রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়, এক সপ্তাহে ১২ হাজার কোটি ডলার পতনের পর ২৬ এপ্রিল আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে। ২০২১ সালের জুন মাসের পর আমানতের এমন পতন আর দেখেনি মার্কিন ব্যাংক খাত। মার্চে সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পর সূচক আরো নিচে নেমেছে। 

সিগনেচার ব্যাংকসহ কয়েকটি মার্কিন ও ইউরোপীয় ব্যাংকের পতন নেতিবাচক প্রভাব ফেলে বিদ্যমান ব্যাংকগুলোর ওপর। আমানত অস্থিতিশীল রূপ গ্রহণ করে, যা এপ্রিলের শুরুর দিকে স্থিতিশীল হয়েছে। গত মাসের শেষ দিকে ক্রমে বাড়তে থাকে আমানতের সূচক। এক সপ্তাহ আগে মার্কিন ব্যাংকগুলোর আমানত ১০ দশমিক ৬১ ট্রিলিয়ন ডলার থেকে ১০ দশমিক ৫৪ ট্রিলিয়ন ডলারে নেমেছে। ছোট ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ৫ দশমিক ৩২ ট্রিলিয়ন ডলার।  

তবে সামগ্রিকভাবে ব্যাংকগুলো থেকে ঋণের চাহিদা বেড়েছে দ্বিতীয় সপ্তাহের মতো। বর্তমানে ঋণের চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলার। পেছনে প্রধান অনুঘটক ছিল লিজ। ব্যাংক খাতের চলমান সংকট নিরসনে পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা। সমালোচনা করেছেন ফেডারেল রিজার্ভের অত্যধিক সুদহারের। বলাবাহুল্য, কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলার জন্যই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকটি ধারাবাহিকভাবে সুদহার বাড়িয়ে চলছে।