ফিউচার মার্কেটে গতকাল জাপানি রাবারের দাম বেড়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল ও সিন্থেটিক রাবারের ঊর্ধ্বমুখী মূল্য। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে জাপানি রাবারের দাম ১ দশমিক ৮ ইয়েন বা দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩১৭ দশমিক ৪ ইয়েন (২ ডলার শূন্য ৪ সেন্ট)।

অন্যদিকে সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে রাবারের দাম ৮৫ ইউয়ান বা দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১৪ হাজার ৫২৫ ইউয়ান (১ হাজার ৯৯৬ ডলার ৩৭ সেন্ট)। এসএইচএফইতে সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে বুটাডিন রাবারের মূল্য ১১০ ইউয়ান বা দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১৪ হাজার ৮০০ ইউয়ানে।

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ কমে যাওয়ায় গতকাল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রাকৃতিক রাবারের দাম সাধারণত জ্বালানি তেলের বাজারদরের ওপর ভিত্তি করে নির্ধারণ হয়। কারণ সিন্থেটিক রাবার তৈরিতে অপরিশোধিত জ্বালানি তেল ব্যবহার হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে প্রাকৃতিক রাবারের বাজারও ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।