ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে শুক্রবার এ তথ্য জানানো হয়। মূলত টিকটকের মার্কিন অংশের নিয়ন্ত্রণ নেয়ার প্রক্রিয়ায় যুক্ত বিনিয়োগকারীদের কাছ থেকে এ অর্থ পাওয়া যাবে। খবর এবিসি নিউজ।
যুক্তরাষ্ট্রে ২০ কোটিরও বেশি মানুষ এ শর্ট ভিডিও অ্যাপটি ব্যবহার করে। জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে ছিল। সে নিষেধাজ্ঞা এড়াতে গত জানুয়ারিতে টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স একটি যৌথ উদ্যোগ চূড়ান্ত করে। সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির মালিকানার সিংহভাগ থাকবে আমেরিকানদের হাতে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের নির্দেশনায় ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে অ্যাপটিকে সচল রাখার পথ তৈরি হওয়ায় এ ফিকে যৌক্তিক হিসেবে দেখা হচ্ছে। তাদের মতে, টিকটকের মার্কিন কার্যক্রম রক্ষা করা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে চীনের সঙ্গে সফল আলোচনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ ভূমিকার কারণেই এ অর্থ প্রাপ্য।
‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি’ নামের নতুন প্রতিষ্ঠানটি তথ্য সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের ডেটা ও অ্যালগরিদম সুরক্ষিত রাখবে বলে দাবি করে।
নতুন চুক্তির অধীনে ওরাকল, সিলভার লেক ও আবুধাবির এমজিএক্সের মতো বিনিয়োগকারীরা এরই মধ্যে মার্কিন ট্রেজারি বিভাগকে ২৫০ কোটি ডলার প্রদান করেছে। বাকি অর্থ পরবর্তী কয়েকটি কিস্তিতে পরিশোধ করা হবে, যা সর্বমোট ১ হাজার কোটি ডলারে দাঁড়াবে।
দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, নতুন মার্কিন কোম্পানিটির মূল্যমান প্রায় ১ হাজার ৪০০ কোটি ডলার হতে পারে।
তবে বাইটড্যান্সের চুক্তিতে প্রেসিডেন্টের অনুমোদনের বিরোধিতা করে এরই মধ্যে ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির বিরুদ্ধে মামলা করেছেন টিকটকের প্রতিদ্বন্দ্বী দুটি সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
ফি বা অর্থ প্রদানের বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে টিকটক ও হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।










