বিশ্বের শীর্ষ নিকেল আকরিক উত্তোলনকারী দেশ ইন্দোনেশিয়া। এ বছরের প্রথম প্রান্তিকে দেশটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় চার গুণ বেশি নিকেল আকরিক উত্তোলন করেছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় খনিজ সম্পদ উত্তোলনকারী সংস্থা অ্যানেকা তাম্বাং (আন্তাম) এ তথ্য জানিয়েছে। খবর মাইনিংডটকম ও রয়টার্স।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বছরের প্রথম প্রান্তিকে আন্তাম ২৬ লাখ ৪০ হাজার টন অপরিশোধিত নিকেল আকরিক উত্তোলন করেছে। গত বছরের একই সময়ে অপরিশোধিত ব্যবহারিক ধাতুটি উত্তোলনের পরিমাণ ছিল ৬ লাখ ২৯ হাজার টন। বিবৃতিতে আরো বলা হয়, এ বছরের প্রথম প্রান্তিকে ১৬ লাখ অপরিশোধিত নিকেল আকরিক বিক্রি করা হয়েছে। তবে সংস্থাটি উত্তোলন ও বিক্রি বৃদ্ধির কারণ সম্পর্কে জানায়নি।
রয়টার্সের এক ত্রৈমাসিক সমীক্ষায় বলা হয়েছে, এ বছর পরিশোধিত নিকেল সরবরাহের চাহিদা বেড়ে ৩১ হাজার টনে পৌঁছবে। আগামী বছর এর পরিমাণ বেড়ে ৬৬ হাজার ৫০০ টনে উন্নীত হবে।
আন্তাম আরো জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে সংস্থাটি ৬ হাজার ৩০০ টন ফেরোনিকেল উত্তোলন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় ফেরোনিকেল উত্তোলন কমেছে দশমিক ২ শতাংশ। প্রথম প্রান্তিকে ফেরোনিকেলের বিক্রির পরিমাণ ছিল ৫ হাজার ৬২৪ টন। গত বছরের তুলনায় বিক্রি কমেছে ১২ শতাংশ। গত বছর ধাতুটি বিক্রি হয়েছে ৬ হাজার ৩৭৯ টন।










