অপরিশোধিত জ্বালানি তেলের বিশ্ববাজারে ধস নেমেছে। টানা তিন কার্যদিবসে জ্বালানি পণ্যটির দাম নিম্নমুখী। মূলত সরবরাহ বৃদ্ধির আশঙ্কায় অব্যাহত দরপতনের ঘটনা ঘটছে। খবর সিএনবিসি ও রয়টার্স।
গতকাল সর্বশেষ কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৪৩ সেন্ট বা দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম ঠেকেছে ৭৩ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য কমেছে ৫১ সেন্ট বা দশমিক ৭ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম নেমেছে ৭১ ডলার ৬৯ সেন্টে।
চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাসের মধ্যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক চলছিল। এ বৈঠকে সংযুক্ত আরব আমিরাত জোটের সরবরাহ চুক্তি অনুযায়ী আগামী বছরের ২২ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট হারে উৎপাদন বৃদ্ধির শর্ত মানতে অস্বীকৃতি জানায়।
কোনো শর্ত ছাড়াই অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়াতে চায় দেশটি। ফলে বিশ্ববাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত এ কারণেই ক্রমাগত হ্রাস পাচ্ছে দাম।










