জীবন বীমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭ দশমিক ৫৩ শতাংশ শেয়ার গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিক্রি করা হয়েছে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর সাবসিডিয়ারি ও অন্যান্য ব্যক্তি বিনিয়োগকারীদের সঙ্গে করা শেয়ার ক্রয় চুক্তি (এসপিএ) অনুসারে এ শেয়ার বিক্রি করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গতকাল ডিএসইর ব্লক মার্কেটে সানলাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৭৯৮টি শেয়ার ৬৭ কোটি ১০ লাখ ৮৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রতিটি শেয়ার সর্বোচ্চ ৫৫ থেকে ৪৭ টাকা ৭০ পয়সায় বিক্রি হয়েছে। এদিন স্টক এক্সচেঞ্জে সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকরা শেয়ার বিক্রির ঘোষণা দেন। এর মধ্যে কোম্পানিটির পরিচালক অ্যাডভোকেট শায়লা ফেরদৌস ৭ লাখ ১৭ হাজার ৪২৯টি, উদ্যোক্তা সাইদুর রহমান খান ২ লাখ ৫০ হাজার ২৯, পরিচালক রাহাত মালেক ৩০ লাখ ৪৯ হাজার ৮০০, উদ্যোক্তা পরিচালক অধ্যাপক রুবিনা হামিদ ১৭ লাখ ৫৬ হাজার ৭৬০, উদ্যোক্তা পরিচালক ড. কাজী আখতার হামিদ ৭ লাখ ৮৬ হাজার ৩৭৮, উদ্যোক্তা শাবানা মালেক ৭ লাখ ১৫ হাজার ২১৩, উদ্যোক্তা মোস্তাক আহমেদ ৭ লাখ ৯৪ হাজার ৬৭২ ও উদ্যোক্তা জাহিদ মালেক ২৯ লাখ ৫৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তারা সবাই তাদের কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। অধ্যাপক রুবিনা হামিদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বোন। রুবিনা হামিদের স্বামী ড. কাজী আখতার হামিদ। শাবানা মালেক স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী ও রাহাত মালেক তাদের সন্তান।

এদিকে এরই মধ্যে এ শেয়ার বিক্রির বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স। এক্ষেত্রে বিএসইসির পক্ষ থেকে আইনি ছাড়সহ বেশকিছু শর্তারোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ১৩ জন শেয়ারধারী পরিচালক যাদের কাছে কোম্পানিটির ন্যূনতম ২ শতাংশ শেয়ার রয়েছে তাদের মাধ্যমে পর্ষদ গঠন করতে হবে। নতুন পরিচালকদের সবসময় কোম্পানিটির পরিশোধিত মূল্যধনের ৩০ শতাংশ ধারণ করতে হবে। চুক্তি অনুসারে লেনদেনের পর পুরো ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি শেয়ার দুই বছরের জন্য লকড ইন থাকবে। চুক্তি অনুসারে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ১০ শতাংশ এবং এর সাবসিডিয়ারি ও অন্যরা মিলে আরো ৩৩ দশমিক ১২ শতাংশ শেয়ার কেনার কথা ছিল। সব মিলিয়ে সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক তাদের কাছে থাকা কোম্পানিটির ৪৩ দশমিক ১২ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছেন।