চলতি বছরের জুনে চীনের আকরিক লোহা আমদানি কমেছে। যদিও আমদানি হ্রাসের হার মে মাসের তুলনায় কম। দেশটি জুনে সব মিলিয়ে ৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার টন আকরিক লোহা আমদানি করে। মে মাসের তুলনায় আমদানি দশমিক ৪ শতাংশ কমেছে। গত বছরের একই মাসের তুলনায় কমেছে ১২ দশমিক ১ শতাংশ। চীনের শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর স্টিলঅরবিস।

এদিকে জুনের শুরুতে দেশটিতে আকরিক লোহার দাম কমে টনপ্রতি ২০২ ডলারে নেমে যায়। ১৫ জুন দাম পুনরায় বেড়ে টনপ্রতি ২২০ ডলারে উন্নীত হয়। যদিও চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন উপলক্ষে উৎপাদনে বিধিনিষেধ আরোপ করায় পরবর্তী সময়ে দাম আবারো কমে যায়।

এদিকে বছরের প্রথমার্ধে চীনে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন আকরিক লোহা আমদানি ও মূল্যবৃদ্ধিতে সহায়তা করেছে। জানুয়ারি-জুন পর্যন্ত দেশটি সব মিলিয়ে ৫৬ কোটি ৭ লাখ ৫ হাজার টন আকরিক লোহা আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

তবে বছরের দ্বিতীয়ার্ধে আমদানি কমে যেতে পারে। এ সময় কার্বন নিঃসরণ হ্রাসের অংশ হিসেবে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৩০ শতাংশ কমিয়ে আনবে চীন। ফলে ইস্পাত উৎপাদনের প্রধান উপকরণ আকরিক লোহার আমদানি কমে যেতে পারে। পাশাপাশি কমতে পারে দামও।