সৌদি আরবের পর্যটন ও ভ্রমণ খাতে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা করছে র্যাডিসন হোটেল গ্রুপ। এর অংশ হিসেবে পাঁচ বছরের মধ্যে দেশটিতে নিজেদের হোটেল সংখ্যা ১০০ করতে যাচ্ছে মার্কিন বহুজাতিক কোম্পানিটি। এর শীর্ষ এক কর্মকর্তা গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। খবর আরব নিউজ।
সৌদি আরবে পর্যটন খাত ক্রমেই সম্প্রসারণ হচ্ছে। এ খাতে র্যাডিসনের মতো কোম্পানিগুলোর জন্য বড় বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে। রিয়াদে গত সোমবার অনুষ্ঠিত ফিউচার হসপিটালিটি সামিটের সাইডলাইনে আরব নিউজকে দেয়া সাক্ষাৎকারে র্যাডিসন হোটেল গ্রুপের নির্বাহী সহসভাপতি ও প্রধান উন্নয়ন কর্মকর্তা এলি ইউনেস বলেন, ‘পরিকল্পিত সম্প্রসারণ কার্যক্রম সৌদি আরবে আরো বেশি কর্মসংস্থান তৈরি করবে। বর্তমানে দেশটিতে আমাদের ৫০টি হোটেল রয়েছে। এর মধ্যে ২৫টি চলমান ও ২৫টি নির্মাণাধীন। পাঁচ বছরের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। এর অর্থ হলো সৌদি আরবজুড়ে র্যাডিসনের হোটেল সংখ্যা দাঁড়াবে ১০০।’
শীর্ষ এ কর্মকর্তা আরো বলেন, ‘যদি প্রত্যেক হোটেলে ২০০টি রুম থাকে, তবে সেখানে কম-বেশি ১৫০ জনের কর্মসংস্থান হবে। আর যদি নতুন করে আরো ৫০টি হোটেল চালু হয়, তবে এ সংখ্যা কয়েক গুণ হবে, যা কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। সৌদি আরবের অর্থনীতি, জনগণ ও পুরো দেশ একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এজন্য দেশটির বড় পরিকল্পনা রয়েছে। এ রূপান্তর প্রক্রিয়ায় শামিল হতে আমরাও বড় পরিকল্পনা হাতে নিয়েছি। শুধু প্রধান প্রধান শহর নয়, কম আলোচিত ও অর্থনৈতিক শহরগুলোয়ও হোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে র্যাডিসনের।’
বৈশ্বিক পরিকল্পনা সম্পর্কে ইউনেস বলেন, ‘বিশ্বজুড়ে বর্তমানে র্যাডিসনের দেড় হাজার হোটেল আছে। পাঁচ-সাত বছরের মধ্যে তা তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে র্যাডিসনের। মধ্যপ্রাচ্যে আমাদের হোটেল আছে ৭৫টি। পাঁচ বছরের মধ্যে এ সংখ্যা ১৫০তে উন্নীত করা হবে।’










