মধ্যপ্রাচ্য ও আফ্রিকার এয়ারলাইনসগুলোয় শিগগিরই ৭৮৭ উড়োজাহাজ সরবরাহ শুরু করবে বোয়িং। উত্পাদন ত্রুটির কারণে এক বছরেরও বেশি সময় ধরে ওয়াইড-বডির উড়োজাহাজটির সরবরাহ বন্ধ ছিল। মার্কিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে গত আগস্ট থেকে বিশ্বজুড়ে মডেলটির সরবরাহ শুরু করেছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর দ্য ন্যাশনাল। 


বোয়িংয়ের মধ্যপ্রাচ্য ও আফ্রকার বাণিজ্যিক উড়োজাহাজের বিক্রি এবং বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ওমর আরেকাত বলেন, চলতি বছর মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলোয় মোট চার বা পাঁচটি ৭৮৭ ওয়াইড-বডি উড়োজাহাজ সরবরাহ করা হবে। পুনরায় সরবরাহ শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা নিয়ন্ত্রকদের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে আবারো পরিষেবায় ফিরিয়ে এনেছি।


তিনি আরো বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর যে বিশ্বজুড়ে ৭৮৭ উড়োজাহাজের সরবরাহ আবারো শুরু হয়েছে। কারণ আমাদের অনেক গ্রাহক মডেলটি হাতে পাওয়ার অপেক্ষায় আছে।