বিদায়ী বছরে ডিজিটাল পরিষেবা রফতানি বেড়েছে রেকর্ড পরিমাণে। বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্যানুযায়ী, ডিজিটাল মাধ্যমে সরবরাহ করা পরিষেবা রফতানি মূল্যের বৃদ্ধি অব্যাহত। ২০২২ সালে বৈশ্বিক রফতানি পরিষেবার মূল্য ৩ লাখ ৮০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। বিশ্বব্যাপী পরিষেবা রফতানির তুলনায় যা অর্ধেকেরও বেশি। খবর দ্য ন্যাশনাল।
ডব্লিউটিওর গ্লোবাল ট্রেড আউটলুকস অ্যান্ড স্টাটিস্টিকস রিপোর্টে বলা হয়েছে, ২০০৫ সাল থেকে ডিজিটাল মাধ্যমে সরবরাহ করা পরিষেবার বৈশ্বিক রফতানি মূল্য প্রায় চার গুণ বেড়েছে। ২০০৫-২০২২ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে এর পরিমাণ। জেনেভাভিত্তিক বাণিজ্য সংস্থাটি জানিয়েছে, এ সময়ে পণ্য রফতানি বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ এবং অন্যান্য পরিষেবা ৪ দশমিক ২ শতাংশ।
ডিজিটাল মাধ্যমে সরবরাহ করা পরিষেবার মধ্যে রয়েছে ইন্টারনেট, অ্যাপস, ই-মেইল, ভয়েস ও ভিডিও কল পরিষেবা। এছাড়া ক্রমবর্ধমান অনলাইন গেমিং, মিউজিক ও ভিডিও স্ট্রিমিং এবং দূরবর্তী শিক্ষণ পদ্ধতির মতো ডিজিটাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে দেশের বাইরে বাণিজ্য করা পরিষেবাগুলোও এ তালিকায় অন্তর্ভুক্ত।
গত মার্চে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিটিএডি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে ভূরাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক প্রতিকূলতার কারণে বিশ্ববাণিজ্যের প্রবৃদ্ধি ধীর হতে পারে। সংস্থাটি বলছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক বাণিজ্য স্থবির হয়ে পড়বে, কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে এ পরিস্থিতি উতরে যাবে।
ইউএনসিটিএডির মতে, ভূরাজনৈতিক কারণ, চলমান মূল্যস্ফীতি ও বৈশ্বিক ঋণের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ আন্তর্জাতিক বাণিজ্য প্রবাহকে প্রভাবিত করবে।
ডব্লিউটিও বলছে, গত বছর বাণিজ্যিক, পেশাগত ও প্রযুক্তিগত পরিষেবাগুলোর ডিজিটাল মাধ্যমে সরবরাহকৃত পরিষেবা মোট পরিষেবার রফতানির প্রায় ৪০ শতাংশ ছিল।
সংশ্লিষ্ট তথ্যানুযায়ী, গত বছর ডিজিটালভাবে সরবরাহকৃত পরিষেবা বিশ্বব্যাপী রফতানিতে অর্ধেকেরও বেশি অংশ ইউরোপের। যদিও এশিয়ার রফতানি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দ্রুত বাড়ছে।
২০২২ সালে ডিজিটাল পদ্ধতিতে সরবরাহ করা পরিষেবার প্রায় এক-চতুর্থাংশ এসেছে এশিয়া এবং ১৯ শতাংশ এসেছে উত্তর আমেরিকা থেকে। মধ্য ও দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল এবং মধ্যপ্রাচ্যেও এ প্রবৃদ্ধি গতিশীল ছিল।
ডব্লিউটিও বলছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী পণ্য বাণিজ্যের পরিমাণ ১ দশমিক ৭ শতাংশ বাড়বে। গত বছর বৈশ্বিক পণ্য বাণিজ্যের পরিমাণ ১২ শতাংশ বেড়ে ২৫ লাখ ৩০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া বৈশ্বিক বাণিজ্যিক পরিষেবা বাণিজ্যের মূল্য ১৫ শতাংশ বেড়ে ৬ লাখ ৮০ হাজার কোটি ডলারে পৌঁছেছে।










