ঋণে জর্জরিত টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া। পরিস্থিতি সামাল দিলে এরই মধ্যে তিন বছরের মধ্যে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন কোম্পানির নতুন সিইও মার্গারিটা ডেলা ভালে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রতিযোগিতায় টিকে থাকতে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক টেলিকম জায়ান্টটি। তবে তাতে স্বস্তি মিলছে না তাদের। কেননা বিনিয়োগকারীদের আস্থা অর্জন ও তাদের সঙ্গে পুনঃসম্পর্ক স্থাপন করাই মার্গারিটা ডেলা ভালের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।খবর রয়টার্স।

গণমাধ্যমটি জানায়, কয়েক সপ্তাহ ধরে কোম্পানির শেয়ারের দাম অনেক কমেছে। শেয়ারের বর্তমান মূল্য ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। এতে অনেক বিনিয়োগকারী প্রতিষ্ঠানটিতে নতুন করে বিনিয়োগের বিষয়ে আগ্রহ হারাচ্ছেন। তবে বিনিয়োগ ছাড়া ঋণে জর্জরিত এ টেলিকম কোম্পানিকে প্রতিযোগিতায় টিকে রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নতুন সিইও।

কোম্পানির পরিচালক ( বিনিয়োগ) রাস মোল্ড জানান, এখনো ঋণে জর্জরিত ভোডাফোন। নতুন বিনিয়োগ বা আগের বিনিয়োগকারীদের সঙ্গে পুনঃসম্পর্ক স্থাপনের মাধ্যমে তারা এ আর্থিক সংকট মোকাবেলায় কাজ করছেন। এছাড়া কোম্পানি শেয়ার দামে ধস ও লভ্যাংশ হ্রাস বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করছে।

কোম্পানির নতুন সিইও মার্গারিটা ডেলা ভালে চলতি সপ্তাহে বিনিয়োগ বিভাগ ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে জানান, ভোডাফোন বিনিয়োগকারীদের আস্থা অর্জনের মাধ্যমে শেয়ারবাজার চাঙ্গা করতে কাজ করবে। বিগত দিনে কোম্পানির পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়নি। সে কারণে বর্তমানে কোম্পানি গ্রাহকদের সুরক্ষায় অগ্রাধিকার দেবে ও কোম্পানির প্রবৃদ্ধির দিকে নজর দিচ্ছে। টেলিকম বাজারে প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতেই এ সিদ্ধান্ত।

বর্তমানে কোম্পানিতে এক লাখ কর্মী রয়েছে। চলতি বছরের শুরুতে ইতালিতে এক হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল টেলিকম জায়ান্টটি। জার্মানিতেও ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাই করবে তারা। ভোডাফোনের জন্য জার্মানি সবচেয়ে বড় বাজার হলেও নতুন সিইও বলছেন, টেলিকম কোম্পানিটির জন্য জার্মানি এখন ততটা লাভজনক প্লাটফর্ম নয়। তবে স্পেনের মতো বাজারে সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।