প্যাসিফিক ডেনিমস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৮ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯ লাখ টাকা। দৈনিক গড় হিসাবে যা ছিল ৮ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ৮ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ৯০ পয়সা, এরপর থেকে এটি ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ছিল ১২ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৯ টাকা ৯০ পয়সা থেকে ১২ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৮ পয়সা।
এর আগেও সমাপ্ত ২০২২ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছিল। এর মধ্যে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে প্যাসিফিক ডেনিমসের ইপিএস হয়েছে ২২ পয়সা। আগের হিসাব বছরে যেখানে ইপিএস ছিল ৪৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৪ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৪ টাকা ৬৪ পয়সা।










