কোম্পানির করপোরেট বিভাগে ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে টাইসন ফুডস। এছাড়া জ্যেষ্ঠ নির্বাহীদের মধ্যেও ১৫ শতাংশ ছাঁটাই করা হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডনি কিং এসব কথা জানান। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানটির খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি মুনাফা এখন কমতির দিকে এবং আইকনিক মুরগির ব্যবসায় মুনাফা বাড়ানোর জন্যও সংগ্রাম করতে হচ্ছে।
চলতি সপ্তাহেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে আলোচনা করা হবে বলে কর্মীদের কাছে এক মেমোতে জানান কিং। বুধবার প্রতিষ্ঠানটির শেয়ারও ১ দশমিক ১ শতাংশ কমে ৬০ দশমিক ৩৫ ডলারে গিয়ে দাঁড়ায়।
নীতিনির্ধারকদের কাছে পাঠানো নথিতে তারা জানায়, যুক্তরাষ্ট্রে ছয় হাজার কর্মী রয়েছে টাইসনের, যারা বিভিন্ন করপোরেট অফিসে কাজ করছে। সেই সঙ্গে ১ লাখ ১৮ হাজার কর্মী রয়েছে মিট প্ল্যান্ট, ওয়্যারহাউজের মতো নন করপোরেট কেন্দ্রে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, সিনিয়র নেতৃত্বের অবস্থান থেকে যাদের সরানো হবে তাদের বেশির ভাগই ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
যদিও এর আগে গত অক্টোবরে যখন প্রতিষ্ঠানটি বলেছিল তারা তাদের করপোরেট চাকরির পুরোটাই আরকানসাসের স্প্রিংডেলের হেডকোয়ার্টারে স্থানান্তর করবে, তখনই কিছু করপোরেট কর্মী চাকরি ছেড়ে দেয়। টাইসনের এক্সিকিউটিভ নেতৃত্ব এভাবে ঢেলে সাজানোর প্রবণতার কারণে কিছু বিনিয়োগকারী ও বিশ্লেষকও বেশ চাপ অনুভব করেন।
বেশ কয়েক বছর ধরেই মুরগির ব্যবসার মুনাফা বৃদ্ধি করতে পারছে না প্রতিষ্ঠানটি। তাতেই গত মার্চে ১ হাজার ৭০০ কর্মী কাজ করে, এমন দুটি প্রসেসিং প্ল্যান্ট বন্ধ করে দেয়ার কথা জানিয়েছিল টাইসন।










