পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতিতে শেয়ার বিক্রির প্রভাব এবং ধাপে ধাপে এটি বাস্তবায়নের জন্য সময় বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সংগঠনটি। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে পাঠানো এক চিঠিতে মার্জিন বিধিমালা ২০২৫-এর পরিপালনের সময়সীমা অতিরিক্ত তিন মাস বাড়ানোর আবেদন জানিয়েছে ডিবিএ।
ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মার্জিন বিধিমালা ২০২৫ গত বছরের ১ নভেম্বর কার্যকর হয়েছে। বিধিমালা অনুসারে, মার্জিন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পর্ষদ অনুমোদিত রক্ষণশীল মার্জিন ঋণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে ব্রোকারেজ হাউজগুলোর জন্য অভ্যন্তরীণ আলোচনা, ঝুঁকি মূল্যায়ন, পর্ষদের অনুমোদন এবং অপারেশনাল সিস্টেমে একীভূতকরণের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। বিধিমালায় নির্ধারিত দক্ষ জনবলের অভাব, পর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা এবং গ্রাহকদের মতামত সংগ্রহের প্রক্রিয়ার কারণে অধিকাংশ ব্রোকারেজ হাউজ এখনো নীতিমালা চূড়ান্তকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।
ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা বিধিমালা ২০১৯-এর সঙ্গে পূর্ণ সামঞ্জস্য অর্জনের জন্য উল্লেখযোগ্য সিস্টেম আপগ্রেড, জনবল প্রশিক্ষণ, অভ্যন্তরীণ অডিট ও প্রযুক্তিগত উন্নয়ন প্রয়োজন। তাড়াহুড়ো করে এটি বাস্তবায়ন করা হলে তাতে অপারেশনাল ত্রুটি বা মার্জিন সেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
বিদ্যমান মার্জিন ঋণগ্রহীতাদের নন-মার্জিনেবল সিকিউরিটিজ বিক্রয় সমন্বয়ের বিষয়ে ডিবিএ বলছে, হাজার হাজার বিদ্যমান ঋণ হিসেবে উল্লেখযোগ্য মূল্যের নন-মার্জিনেবল সিকিউরিটিজ রয়েছে। ছয় মাসের সময়সীমা বাধ্যতামূলক শেয়ার বিক্রির পরিস্থিতি তৈরি করতে পারে, যা বাজারে অস্থিরতা সৃষ্টি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের অপ্রয়োজনীয় ক্ষতি এবং তারল্যের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এছাড়া সাম্প্রতিক যুদ্ধ ও জ্বালানি সংকটজনিত কারণে পুঁজিবাজারের বিদ্যমান অস্থির পরিস্থিতিতে এ বিধান বাস্তবায়ন পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।
বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্য এটি ধাপে ধাপে রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিবিএ জানিয়েছে, অতিরিক্ত তিন মাস সময়সীমা বাড়ানো (৩১ জুলাই ২০২৬ পর্যন্ত) হলে সেটি ব্রোকারেজ হাউজগুলোকে প্রয়োজনীয় সিস্টেম ও নীতিমালা উন্নয়ন সম্পন্ন করতে এবং বিদ্যমান ঋণগ্রহীতাদের জন্য একটি নির্বিঘ্ন সমন্বয় নিশ্চিত করতে সহায়তা করবে।










