২০২২-২৩ মৌসুমে আবুধাবির ক্রুজ টার্মিনাল পর্যটক সংখ্যা সাত লাখে পৌঁছেছে। ৮২ হাজার যাত্রী নিয়ে তাদের যাত্রা শুরু করেছে শহরের বন্দর থেকে। আগ্রহের দিক থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে সবচেয়ে ব্যস্ত ক্রুজ গন্তব্য হয়ে দাঁড়িয়েছে আবুধাবি। এমনটাই জানিয়েছে আবুধাবি পোর্টস গ্রুপ। খবর অ্যারাবিয়ান বিজনেস।

আবুধাবি ক্রুজ টার্মিনালের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে পর্যটকদের আগ্রহ সূচক ছিল যথেষ্ট উঁচুতে। ৩ লাখ ৬৩ হাজার ৪৯৪ জন পর্যটক ও ১২০টি কল রেকর্ড করা হয়েছে এ সময়। বিপরীতে আগের বছরের প্রথম প্রান্তিকে দর্শক ছিল ৮৯ হাজার ৯৫৩ জন ও কল ছিল ৬০টি। ২০২৩ সালের প্রথম প্রান্তিকেই ২০২২ সালের মোট দর্শক সংখ্যা ছাপিয়ে গেছে। সার্বিকভাবে পর্যটকদের আগ্রহ বাড়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বন্দর কর্তৃপক্ষ। ২০২২-২৩ সালে প্রায় সাত লাখ দর্শক নিবন্ধন করেছে, সঙ্গে ছিল ১৮৪টি কল। বিপরীতে ২০২১-২২ মৌসুমে দর্শকের সংখ্যা ছিল ১ লাখ ৭৭ হাজার ৬৩৯ জন ও কল পাওয়া গেছে ১৩০টি।

মহামারী-পরবর্তী সময়ে ক্রুজ শিল্পের পুনরুদ্ধার ঘটছে। এডি পোর্টস গ্রুপের প্রধান নির্বাহী সাইফ আল মাজরুয়েই দাবি করেন, ক্রমবর্ধমান দর্শক সংখ্যাই প্রমাণ করে জলপথে পর্যটনের ক্ষেত্রে আবুধাবি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে। আস্থা বাড়ছে আমাদের দায়িত্বশীলতার প্রতি। ক্রুজ শিল্পে মধ্যপ্রাচ্যে সবচেয়ে আধুনিক ও সবচেয়ে বড় জাহাজ আমরা সরবরাহ করি। এডি ক্রুজ টার্মিনাল ও স্যার বানি ইয়াস ক্রুজ বিচকে সজ্জিত করা হয়েছে আধুনিক প্রযুক্তিতে, যেন দর্শকরা দারুণ সব অভিজ্ঞতা পায়। আবুধাবি ও স্যার বনি ইয়াস দ্বীপের মনোরম সৌন্দর্য্য উপভোগের সুযোগ লাভ করে। আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের প্রধান সালেহ আল গেজিরি দাবি করেছেন, আবুধাবির অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে পর্যটন অন্যতম চালিকাশক্তি। তার সফলতার ক্ষেত্রে আরব আমিরাতের প্রতি পর্যটকদের আগ্রহ ভূমিকা পালন করেছে। ভ্রমণসূচক প্রমাণ করে ক্রুজ শিল্পের উন্নয়নে আবুধাবির গৃহীত পরিকল্পনা অনেকাংশেই সফল হয়েছে।

ক্রুজ ব্যবসার ব্যবস্থাপনা পরিচালক নুরা আল দাহেরি বলেছেন, আবুধাবিতে লাখো মানুষকে আমন্ত্রণ জানানোর অভিজ্ঞতা অভূতপূর্ব। ব্যবস্থাপনা ও পরিচালনা কর্তৃপক্ষ কাজ করছে, আবুধাবিকে গোটা অঞ্চলের সবচেয়ে ব্যস্ত গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে। এ প্রাপ্তি সহজ হতো না আমাদের বিশ্বমানের অবকাঠামো ও ক্রমবর্ধমান সুবিধার না হলে। সে সঙ্গে বাণিজ্যিক সুবিধা ও পরিচালনার দক্ষতা তো রয়েছেই। পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে এটি গুরুত্বপূর্ণ নিয়ামক। আবুধাবির ক্রুজ শিল্পকে বৈশ্বিক দরবারে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা।