পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রায় ৫৮ হাজার ৪৫১ বর্গফুট ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ স্পেস কিনতে কোম্পানিটির ব্যয় হবে ১৫ কোটি টাকার বেশি। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে এসএস স্টিল।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির পর্ষদ রাজধানীর উত্তর বাড্ডার পার্ল ট্রেড সেন্টারে ২৯ হাজার ৭৭২ দশমিক ৪৮ বর্গফুট ও জগন্নাথপুরের রহমান এ জে ট্রেড সেন্টারের ২৮ হাজার ৬৭৯ দশমিক ১০ বর্গফুট ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ স্পেস কিনতে কোম্পানিটির মোট ব্যয় হবে ১৫ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এসএস স্টিলের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত ইপিএস হয়েছে ৬৩ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭১ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসএস স্টিল। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক লভ্যাংশ।










