পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা টাকা ব্যবহারের নির্ধারিত সময় এরই মধ্যে শেষ হয়েছে। কিন্তু ব্যাংকটি নির্ধারিত সময়ের মধ্যে পুঁজিবাজারের বিনিয়োগের জন্য ধার্য করা আইপিও তহবিলের অর্থ ব্যবহার সম্পন্ন করতে পারেনি। তাই এ তহবিল ব্যবহারে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি পর্ষদ। এরই মধ্যে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গতকাল এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। এখন এ সময় বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন চাইবে তারা। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে ইউনিয়ন ব্যাংক।

২০২১ সালের ৫ সেপ্টেম্বর ইউনিয়ন ব্যাংকের আইপিও অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরে ওই বছরের ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটি আইপিওতে সাবস্ক্রিপশন অনুষ্ঠিত হয়। ফিক্সড প্রাইস পদ্ধতির এ আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪২৮ কোটি টাকা উত্তোলন করেছে ব্যাংকটি। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যে ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছে। উত্তোলিত অর্থে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপাশি করেছে ব্যাংকটির পর্ষদ। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের এজিএমে এ বিষয়েও শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৫ টাকা ৮২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৯১ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ওই বছর শেষে ব্যাংকের এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৯১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৬ টাকা ৩৮ পয়সা।

এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরে ব্যাংকের ইপিএস হয়েছে ৩৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা। গত ৩১ মার্চ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৩ পয়সায়।

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৬ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে ঘাটতি রয়েছে ৩৫ কোটি ২৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৩ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪৪৮। এর মধ্যে ৫৬ দশমিক ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৬৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৮ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৮ টাকা ৯০ ও ১০ টাকা ৭০ পয়সা।