কয়েক বছর আগে বড় পরিসরে কাজুবাদাম উৎপাদন শুরু করে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া। এরই মধ্যে দেশটি ১০ লাখ টনের বেশি কাজুবাদাম উৎপাদন করেছে। তানজানিয়ার কাজুবাদাম খাতের এ অর্জনের দেখা মিলেছে মাত্র তিন বছরেই। খবর সিনহুয়া।
তানজানিয়ার কৃষিমন্ত্রী জাফেট হাসুঙ্গা জানান, ২০১৭-১৯ সালের মধ্যে তানজানিয়ায় সব মিলিয়ে ১০ লাখ ৩৬ হাজার ৬৯৮ টন কাজুবাদাম উৎপাদন হয়েছে। এ সময় দেশটিতে উৎপাদিত কাজুবাদামের আর্থিকমূল্য ৩ লাখ ৩০ হাজার কোটি তানজানিয়ান শিলিং (স্থানীয় মুদ্রা) বা ১৪০ কোটি মার্কিন ডলার।
তিনি আরো জানান, ২০১৭ সালে তানজানিয়ায় ২১টি কাজুবাদাম প্রক্রিয়াকরণের কারখানা ছিল। গত বছর তা ৩০টিতে উন্নীত হয়েছে। বর্তমানে দেশটির অন্তত ২০টি অঞ্চলে এ শিল্পের বিস্তার ঘটেছে।










