স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রতিষ্ঠানের বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং চলতি বছরের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরো কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী । আরো ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বছর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সপ্তমবারের মতো নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। আয়োজকরা জানান, এটি তাদের ধারাবাহিক সাফল্য ও পরিকল্পিত বাস্তবায়নের প্রতিফলন।

সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতামূলক বাজারে সাফল্য কেবল পণ্য বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; গ্রাহকসেবা উন্নয়ন, বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়া এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করাও সমান গুরুত্বপূর্ণ। এসব বিষয় এবারের সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ অর্জন বিক্রয় টিমের নিষ্ঠা, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রেখে আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সম্মেলনে বিক্রয়কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ ও পেশাগত অগ্রগতিকে সামনে রেখে চলতি বছরের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর সমাধান ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বিক্রয় কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্ব দেয়া হয়।

প্রতিবারের মতো এবারো সম্মেলনের আকর্ষণ ছিল নতুন পণ্য উন্মোচনের ঘোষণা। খুব শিগগিরই কয়েকটি ক্যাটাগরিতে নতুন পণ্য বাজারে আনার কথা জানানো হয়।

আয়োজকরা জানান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বর্তমানে বিশ্বের ৩০টির বেশি দেশে খাদ্যপণ্য রফতানি করছে। আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার প্রেক্ষাপটে রফতানি কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন বাজার অনুসন্ধানের বিষয়টি নিয়েও সম্মেলনে আলোচনা করা হয়। রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরাম—এ ব্র্যান্ডগুলো দেশের বাজারে ভোক্তাদের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা সম্মেলনে অংশ নেন। এ আয়োজন বিক্রয় টিমের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং একীভূত লক্ষ্য নির্ধারণে কার্যকর ভূমিকা রাখে।

সম্মেলনের শেষ পর্বে ২০২৫ সালের সেরা পারফরমারদের স্বীকৃতি দেয়া হয়।-বিজ্ঞপ্তি