এর আগে তারা সাময়িকভাবে বরখাস্ত ছিলেন। গত মঙ্গলবার কমিশন সভায় তাদের বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত অনুমোদন করা হয় এবং গতকাল এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বিএসইসির ইতিহাসে এত সংখ্যক কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা এবারই প্রথম।
বিএসইসির যে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, পরিচালক মোহাম্মদ আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, যুগ্ম পরিচালক মোহা. রশীদুল আলম, উপপরিচালক নানু ভূঞা, কাজী মো. আল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. বনি ইয়ামিন খান ও তৌহিদ হাসান, সহকারী পরিচালক মো. আমিনুল হক খান, মো. আবদুল বাতেন ও মো. সাজ্জাদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ। এর আগে পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহকে এ বছরের জানুয়ারিতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তাছাড়া সংস্থাটির আরো পাঁচ কর্মকর্তাকে লঘুদণ্ড হিসেবে নিম্নতম বেতন ধাপে অবনমন করা হয়েছে।
গত বছরের ৫ মার্চ বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের তাদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনা পরিপ্রেক্ষিতে হওয়া তদন্তের ভিত্তিতে এই ২২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সেই ঘটনার বিষয়ে কমিশনের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শৃঙ্খলা ভঙ্গের ঘটনাটি তদন্ত করে এবং অভিযুক্ত ও অভিযোগকারী উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ করা হয়। তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে সরকারের পক্ষ থেকে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা বিএসইসিতে পাঠানো হয়, যার ভিত্তিতে এ ২২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।










