এনআরবিসি ব্যাংকের সম্পূর্ণ শরীয়াহভিত্তিতে পরিচালিত ‘আল আমিন ইসলামিক ব্যাংকিং’ সেবার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান এবং আল আমিন ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান আব্দুল গফুর রানা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, শরীয়াহ নীতিমালা সম্পূর্ণভাবে মেনে এ উইন্ডোর মাধ্যমে গ্রাহকদের সব ধরনের সেবা দেয়া হচ্ছে। গ্রাহকদের সঙ্গে লাভ ও ক্ষতি ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত এই সুদমুক্ত ব্যাংকিং কার্যক্রম আরো শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান জানান, বর্তমানে এনআরবিসি ব্যাংকের ১০৯টি শাখা ও ৪১৫টি উপশাখার মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে। এ উইন্ডোর মাধ্যমে আমানত ও বিনিয়োগের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ার লক্ষ্যে তারা এ কার্যক্রম আরো বাড়ানোর জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন।
—বিজ্ঞপ্তি










