বিশ্বের শীর্ষ ইস্পাত আমদানিকারক দেশগুলোর অন্যতম একটি ভিয়েতনাম। জুনে দেশটির ইস্পাত আমদানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। দেশীয় বাজারে শিল্প ধাতুটির চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরবরাহ স্বাভাবিক রাখতেই আমদানি বাড়িয়েছে দেশটি। ভিয়েতনামের জেনারেল ডিপার্টমেন্ট অব কাস্টসমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুনে সব মিলিয়ে ১১ লাখ ২০ হাজার টন ইস্পাত আমদানি করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১৮ দশমিক ১ শতাংশ বেশি।

এদিকে বছরের প্রথম ছয় মাসে মোট আমদানির পরিমাণও বেড়েছে। এ সময় দেশটি আমদানি করে ৭০ লাখ ৯০ হাজার টন ইস্পাত। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ৫ দশমিক ৯ শতাংশ।

ভিয়েতনামের ইস্পাত আমদানির প্রধান বাজার চীন। এর পরই রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের অবস্থান। জেনারেল ডিপার্টমেন্ট অব কাস্টসমের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুনে চীন থেকে আমদানি করা হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৩৪৪ টন ইস্পাত। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ৭১ দশমিক ৭ শতাংশ। বছরের প্রথম ছয় মাসে দেশটি থেকে আমদানি করা হয়েছে ৩৬ লাখ ৪৩ হাজার ২৬৭ টন ইস্পাত, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬০ দশমিক ৮ শতাংশ বেশি। জুনে ভারত থেকে আমদানি করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৬ টন। জানুয়ারি-জুন পর্যন্ত আমদানির পরিমাণ ৫ লাখ ৮৬ হাজার ৯৬৬ টন।