বিশ্ববাজারে তামার সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা জোরদার হচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যবহারিক ধাতুটির সরবরাহ দ্বিগুণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রসিদ্ধ মাইনিং কোম্পানি গ্লেনকোরের প্রধান নির্বাহী ইভান গ্ল্যাসেনবার্গ।
খবর মাইনিংডটকম ও রয়টার্স।
তিনি বলেন, বর্তমান বিশ্ব জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে মনোযোগী হচ্ছে।
এতে তামার চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে।
কিন্তু সে তুলনায় বাজারে ধাতুটির সরবরাহ নেই।
দ্রুত সরবরাহ না বাড়ালে এ সংকট নাগালের বাইরে চলে যেতে পারে।
কাতার ইকোনমিক ফোরামে দেয়া বক্তব্যে গ্ল্যাসেনবার্গ বলেন, বিশ্ববাজারে তামার বর্তমান চাহিদা ছয় কোটি টন।
এ চাহিদা পূরণ করতে হলে ২০৫০ সাল পর্যন্ত প্রতি বছর ১০ লাখ টন করে তামা সরবরাহ বাড়াতে হবে।
তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রতি বছর তিন কোটি টন তামা ব্যবহার করে।
২০৫০ সাল পর্যন্ত ব্যবহারের এ ধারা অব্যাহত থাকবে।
এ অবস্থায় আমাদের প্রতি বছর ছয় কোটি টন করে তামা উৎপাদন করতে হবে।
গত ১০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, এ সময়ের মধ্যে আমরা প্রতি বছর মাত্র পাঁচ লাখ টন করে বিশ্ববাজারে অবদান রাখতে সক্ষম হয়েছি।
সংকট থেকে উত্তরণের জন্য বড় কোনো প্রকল্প এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি।
এটি আধুনিক বিশ্বের জন্য দুঃসময় বয়ে আনবে বলেও মত দেন তিনি।










