বছরের প্রথম প্রান্তিকে ৮১০ কোটি রিয়াল বা ২১০ কোটি ডলার সমমূল্যের প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ পেয়েছে সৌদি আরব। দেশটির সরকারি প্রতিবেদন অনুসারে, বার্ষিক বিনিয়োগের পরিমাণ ১০ দশমিক ২ শতাংশ বেড়েছে। খবর আরব নিউজ।
সৌদির অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বশেষ বুলেটিন বলছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে বিনিয়োগের পরিমাণ পূর্ববর্তী তিন মাসের চেয়ে ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ উন্নতিগুলো সৌদি আরবের অর্থনৈতিক বহুমুখীকরণ উদ্যোগ ‘ভিশন ২০৩০’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যার লক্ষ্য হলো দেশটির মোট দেশজ উৎপাদনে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের অবদান ২০১৬ সালের ৩ দশমিক ৮ শতাংশ থেকে ২০৩০ সালের মধ্যে ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত করা।
সৌদি আরবেরও বিশ্বব্যাপী বিনিয়োগ ‘পাওয়ার হাউজ’ হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। অর্থনীতিকে উদ্দীপিত এবং রাজস্ব বহুমুখী করে এ বিনিয়োগ আকর্ষণ আকাঙ্ক্ষা অর্জন করার পরিকল্পনা করেছে বাদশা মোহাম্মদ বিন সালমানের সরকার।
জুনের বুলেটিনে আরো জানানো হয়েছে, সৌদি আরবের জিডিপি গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর মধ্যে তেলবহির্ভূত কার্যক্রম বছরে ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যেখানে তেল খাতগুলো ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
অন্যদিকে বুলেটিনের তথ্যে বলা হয়েছে, বছরের আগের সময়ের তুলনায় প্রথম প্রান্তিকে ভোক্তা ঋণের পরিমাণ ২ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮০০ কোটি সৌদি রিয়ালে।










