হোটেল খাতে প্রবেশের ঘোষণা দিয়েছে দুবাইয়ের আজিজি ডেভেলপমেন্ট। ৬ হাজার কোটি আমিরাতি দিরহাম বিনিয়োগ করতে যাচ্ছে খাতটির উন্নয়নে। এর মাধ্যমে শহরজুড়ে ৫০টি অভিজাত হোটেল নির্মাণ করা হবে। অন্যতম আকর্ষণ হিসেবে প্রস্তুত করা হবে পর্যটন ব্যবস্থাপনাকে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
আজিজি ডেভেলপমেন্ট দুবাইয়ে অভিজাত সাত তারকা হোটেল তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে হোটেল খাতে স্থাপন করতে চায় নতুন দৃষ্টান্ত। দেশে ও দেশের বাইরে হোটেল ও রিসোর্টগুলো নিয়ন্ত্রিত হবে বিশেষ বিভাগের অধীনে।
হোটেল বিভাগের প্রধান পরিচালন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন মাইকেল জাগার। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহম্মদ বিন রশিদ আল মাকতুম জানিয়েছেন, আগামী সাত বছরে চার কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা নিয়েছে আমিরাত। জিডিপিতে পর্যটন খাতের অবদান বাড়িয়ে ৪৫ হাজার দিরহাম পর্যন্ত উন্নীত করা হবে এ সময়ের মধ্যে।
প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ শেষ বলে জানানো হয়েছে আজিজির পক্ষ থেকে। চলতি বছর শেষ হওয়ার আগেই শুরু করা হবে কাজ। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিরওয়াইস আজিজি বলেন, পর্যটন কৌশল-২০৩১ অনুসারে সংযুক্ত আরব আমিরাতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব বাড়াতে কাজ করা হচ্ছে। কাজ করা হচ্ছে পর্যটন খাতে ১০ হাজার কোটি আমিরাতি দিরহাম আকর্ষণের জন্য। এ খাতে আমরা বড় ধরনের বিনিয়োগের বিষয় মাথায় রেখেছি। আগামী পাঁচ বছরে ৬ হাজার কোটি দিরহাম বিনিয়োগ করা হবে। পর্যটন খাতকে উন্নীত করতে দুবাই যে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, তা পূরণে আমরা গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে থাকতে চাই। প্রধানমন্ত্রী শেখ মুহম্মদ বিন রশিদ আল মাকতুমের নেতৃত্ব ও লক্ষ্যমাত্রা ঘোষণায় আমরা অনুপ্রাণিত। সংযুক্ত আরব আমিরাত ও দুবাইয়ের সার্বিক উন্নতিতে তার গৃহীত পরিকল্পনায় কিছু করতে পারলে তা আমাদের জন্য গর্বের হয়ে থাকবে।










