নভেল করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে লকডাউন চলায় থমকে গিয়েছিল উৎপাদন ও নির্মাণ খাত। ফলে ইস্পাতের চাহিদাও ছিল পড়তির দিকে। তবে দেশে দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়া ও অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় পণ্যটির চাহিদা আবার বাড়ছে। এ কারণে বৈশ্বিক ইস্পাত শিল্পের পূর্বাভাস ঋণাত্মক থেকে স্থিতিশীল পর্যায়ে উন্নীত করেছে মুডি’স ইনভেস্টর সার্ভিস। খবর দ্য হিন্দু।

সহায়ক শিল্প খাতগুলোর কার্যক্রম শুরু হওয়ায় ইস্পাতের চাহিদা বেড়েছে। এতে ইস্পাত নির্মাতারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন। তবে করোনা সংক্রমণে নতুন জোয়ার তৈরি হওয়ায় তাদের কপালে চিন্তার রেখা রয়েই যাচ্ছে।

মুডিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যালোল কাওয়ান বলেছেন, ‘গুরুত্বপূর্ণ বাজারগুলোয় উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এছাড়া বিশ্ব অর্থনীতির গতিও বেশ আশাব্যঞ্জক। বিশেষ করে চীনের অর্থনীতি বেশ ভালোভাবেই ফিরে আসছে। এসব কারণে ইস্পাতের চাহিদা ফের বাড়তে শুরু করেছে।’