সিঙ্গাপুরে সম্প্রতি একটি কারখানা অধিগ্রহণ করেছে বায়োএনটেক। কারখানাটিতে এমআরএনএ টিকা উৎপাদন করবে জার্মান ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। বায়োএনটেকের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ফাইজারের সঙ্গে কভিড-১৯ টিকা তৈরি করে বায়োএনটেক। এবার এশিয়ায় প্রথমবারের মতো কোনো কারখানা চালু করতে যাচ্ছে সংস্থাটি। তবে সিঙ্গাপুরের কারখানাটি ক্রয়ের কোনো আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে বায়োএনটেক জানায়, নোভার্টিস থেকে কেনা কারখানাটিতে মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড বা এমআরএনএ টিকা উৎপাদন করা হবে। সেখানকার তৈরি টিকাগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারে বিক্রি হবে। কারখানাটিতে প্রাথমিকভাবে কভিড-১৯ টিকাসহ এমআরএনএভিত্তিক টিকা ও ওষুধ উৎপাদন করা হবে।

সিঙ্গাপুরে বায়োএনটেকের কার্যক্রম বিস্তৃত করার উদ্দেশ্য হলো সেল থেরাপির মতো অন্যান্য রোগের ওষুধের উৎপাদন বাড়ানো। এছাড়া অস্ট্রেলিয়ায় গবেষণা ও উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে বায়োএনটেক। আগামী বছরের মধ্যে কারখানাটি পুরোপুরি টিকা উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। সেখানে ২০২৪ সালের মধ্যে শতাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে।