ইকোনমিক সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইএসডি) বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) আমাদের অর্থনীতির জন্য একটি নতুন ধারণা। এ অর্থনৈতিক ফর্মুলাগুলো সব ইন্ডাস্ট্রির জন্য কাজ করে না, যার কারণে এ ধারণাগুলোকে আমাদের সমন্বয় করে কাজ করতে হবে। একই সঙ্গে দেশে বিনিয়োগকারীদের বিনিয়োগ নিশ্চিত করতে হলে তাদের আরো সুযোগ-সুবিধা দিতে হবে। করপোরেট ট্যাক্স কমানোর জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।
গতকাল বিএসআরএম প্রেজেন্টস অ্যাডভান্সড ইকোনমিক সাসটেইনেবিলিটি বিষয়ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে কী কী কাজ করতে হবে এ বিষয়ে বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন।
সভায় ভেলর অব বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর নাজমুস আহমেদ আলবাব, মসলিন ক্যাপিটালের অ্যাডভাইজার মীর সাজেদ উল বাসির এবং ভেলর অব বাংলাদেশের চেয়ারম্যান ও ডেভোটেক ট্রেজারার রায়হান সামসি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ভিডিও বার্তায় স্বাগত বক্তব্য রাখেন ভেলর অব বাংলাদেশের চেয়ারম্যান আনিস এ খান।
সভায় লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের দেশের ট্যাক্স পলিসি সুইটেবল না। স্টক এক্সচেঞ্জে আসতে হলে কোম্পানিকে একটি অ্যাকাউন্ট দেখাতে হয়। কিন্তু করপোরেট কর বেশি হওয়ার কারণে কোম্পানিগুলো সরাসরি ক্যাপিটাল মার্কেটে আসতে পারছে না। তাদের ভিন্নপথ অবলম্বন করতে হচ্ছে। অনেক কোম্পানি আছে যাদের ব্যাংক লোন বেশি কিন্তু সম্পদ কম, তারাও ক্যাপিটাল মার্কেটে আসতে চায় না। কেননা এ বাজারে আসতে হলে তাকে তার কোম্পানির সবকিছুই জমা দিতে হয়। কিন্তু কোম্পানিগুলো সেটা পারছে না, যার কারণে অনেক প্রতিষ্ঠান এ বাজারে আসছে না। তাছাড়া এখন বাজারে যে বন্ডগুলো আসছে সেগুলো গ্রাহকদের কাছে কনফিডেন্স আনতে পারেনি। যার কারণে বাংলাদেশে বন্ড মার্কেট সফল হয়ে উঠতে পারেনি এখনো। বিনিয়োগকারীদের বিনিয়োগ নিশ্চিত করতে হলে তাদের আরো সুযোগ-সুবিধা দিতে হবে। যার কারণে করপোরেট ট্যাক্স কমানোর জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।’
পিএইচপি গ্রুপের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ইএসডি বা এসডিজি আমাদের অর্থনীতির জন্য সম্পূর্ণ নতুন একটি কনসেপ্ট। এ অর্থনৈতিক ফর্মুলাগুলো সব ইন্ডাস্ট্রির জন্য কাজ করে না। যার কারণে এ কনসেপ্টগুলোকে আমাদের সমন্বয় করে কাজ করতে হবে। আমরা শিল্পায়নের জন্য কাজ করছি।’
প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর বলেন, ‘চট্টগ্রামে এখন টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল কিংবা চাইনিজ ইকোনমিক জোন গড়ে তোলা হয়েছে। এতে বোঝা যায় আগামীতে চট্টগ্রাম দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের একাডেমিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে করপোরেট ব্যবস্থার সমন্বয় হচ্ছে না। করপোরেট সংস্কৃতির সঙ্গে নিজেকে তৈরি করতে হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনেই নিজেকে বিশেষজ্ঞ করে তুলতে হবে।’
বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেইন বলেন, ‘চট্টগ্রামে টানেল, শিল্প জোন, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু এসব প্রকল্পের জন্য যোগাযোগ ব্যবস্থা সেভাবে উন্নয়ন করা হয়নি।সেজন্য সরকারকে আরো অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।’










