দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা করে বেড়েছে।
নতুন দাম হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকায়।
নতুন মূল্য গতকাল থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সময়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও নানা দাপ্তরিক জটিলতার কারণে ডিলাররা স্বর্ণের বার আমদানি করতে পারছেন না।
এছাড়া চাহিদার বিপরীতে জোগান কম থাকায় দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে।
তাই পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের ভরি স্বর্ণ ৭০ হাজার ৩৩৪ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৬১ হাজার ৫৮৬ টাকা।
তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার আগের দামই বহাল রয়েছে।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৫১ হাজার ২৬৩ টাকা।
এর আগে সবশেষ গত ২০ জুন ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা কমানো হয়েছিল।










