সাম্প্রতিক মাসগুলোতে চীনের রেকর্ড পরিমাণ জ্বালানি তেল রফতানি করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিতে ভারতীয় তেল শোধনাগারগুলোও আমদানির পরিকল্পনা বাড়াচ্ছে। ছয়টি শিল্প সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে রেফিনিটিভ ডাটা। খবর রয়টার্স।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক পরিত্যক্ত ইরান পারমাণবিক চুক্তিতে ফেরত আসার ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তেহরান বলছে, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই সংলাপ শুরু হতে পারে।

চুক্তি নিয়ে এমন অচলাবস্থার মধ্যে বৈদেশিক গ্রাহকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে ইরানের দ্য ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি (এনআইওসি)। বিশেষ করে এশিয়ার শীর্ষ দুই অর্থনীতি চীন ও ভারতের বাজারে ইরানের জ্বালানি তেলের ভালো চাহিদা রয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়ে ভারত পুরোপুরিভাবে ইরানের জ্বালানি তেল আমদানি বন্ধ করলেও চীন এ পথ মাড়ায়নি। গত ১৪ মাসে চীনে ১ কোটি ৭৮ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে ইরান। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জ্বালানি তেলের রফতানি রেকর্ড পরিমাণে দাঁড়ায় বলে জানিয়েছে রেফিনিটিভ অয়েল রিসার্চ। চীনে মোট জ্বালানি তেল রফতানির ৭৫ শতাংশই অনানুষ্ঠানিক মাধ্যমে করছে ইরান।