জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। শাকিব খানের ‘তুফান’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন এ অভিনেত্রী। ২০২৪ সালে সিনেমাটি হিট হয়। নাবিলার চরিত্রও দর্শক পছন্দ করে। এবার এ অভিনেত্রী নিয়ে আসছেন ‘বনলতা সেন’ নামে নতুন একটি সিনেমা। উপস্থাপিকা নাবিলার এটি চতুর্থ সিনেমা। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এরই মধ্যে সিনেমাটির শুটিং, ডাবিং, সম্পাদনা, রঙ বিন্যাস, আবহ সংগীতের কাজ—সবই শেষ। শিগগিরই সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডেও জমা পড়বে। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানান, এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি দিতে চান। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।
মাসুদ হাসান উজ্জ্বলের এটি দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ। নাটক ও বিজ্ঞাপনচিত্র দিয়ে হাত পাকানোর পর তার প্রথম চলচ্চিত্র ছিল ‘ঊনপঞ্চাশ বাতাস’। সিনেমাটি ২০২০ সালের শেষ দিকে মুক্তি পায়। বনলতা সেন সরকারি অনুদানের সিনেমা। সিনেমার পরিচালক উজ্জ্বল গণমাধ্যমকে বলেন, ‘শুটিংয়ে যা প্রয়োজন, তা-ই করেছি। গল্পে কোনো আপস করিনি। তাই শুটিং শেষ করতে আট মাসের মতো সময় লেগেছে।’
শুরুতে শুধু ওই চরিত্রের সারসংক্ষেপ দেয়া হয়। বলেছিলাম, পুরো স্ক্রিপ্ট দেয়া যায় কিনা। তাহলে বুঝতাম, আমার চরিত্রের উপস্থাপনটা কী রকম বা কী। পুরো চিত্রনাট্য পড়ে তো আমি মুগ্ধ। পুরো গল্পটা চোখের সামনে ভেসে উঠল। যা-ই হোক, আমাকে যে চরিত্রের কথা বলেছেন, ওই ধরনের চরিত্র চাইছিলাম না। তাকে সুন্দর করে বললাম, চরিত্রটা আমি এখন করতে চাইছি না। তবে আপনি যদি আমাকে বনলতা সেন বলতেন, তাহলে এককথায় রাজি হয়ে যেতাম। অনেক দিন পর তিনি আমাকে ডাকলেন। অডিশন নিলেন তিনবার।’ শুটিংয়ের অভিজ্ঞতা দারুণ জানিয়ে নাবিলা বললেন, ‘উজ্জ্বল ভাই তো অনেক বড় ক্যানভাসে কাজ করেন। তার সিনেমা হচ্ছে কবিতার মতো। এত সুন্দর করে বানান।’
সিনেমাটি নিয়ে নির্মাতা আরো বলেন, ‘আমার আফসোস—উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এডগার অ্যালান পো কিংবা টিএস এলিয়টের থেকে জীবনানন্দ দাশ কোনো অংশে কম নন। এতদিনে গোটা বিশ্বের তাকে জানা উচিত ছিল। আমি জীবনে প্রথম এমন বিস্ময়কর এক কবিকে ট্রিবিউট করার সুযোগ পেয়েছি। কেবল আমি কেন, গোটা বাঙালি জাতির জন্য জীবনানন্দ দাশ উদ্যাপনের একটা বিরাট সুযোগ। এ উদ্যাপন জাতীয় পর্যায়ের হওয়া উচিত। কারণ এ বছরই ছিল কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী। আমি অপেক্ষায় আছি কবে সে পরিবেশ তৈরি হয়, যখন এমন এক কবিকে উদ্যাপন করে আমরা ধন্য হব।’
সিনেমায় নাবিলার চরিত্রটি নিয়ে উজ্জ্বল বলেন, ‘নাবিলা যে চরিত্রে অভিনয় করেছেন, এর জন্য কয়েকজন অভিনয়শিল্পীর অডিশন নিয়েছি। নাবিলাও দিয়েছেন। চরিত্রটি যেভাবে আমি ভাবছি, অডিশন শেষে মনে হলো, তা নাবিলাকে দিয়ে করিয়ে নেয়া সম্ভব।’










