ভারতের রফতানির গতি ঊর্ধ্বমুখী রয়েছে। অক্টোবরে দেশটির রফতানি আয় ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৩৬ কোটি ডলারে পৌঁছেছে। রফতানির এ তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য ও পরিষেবা। খবর দ্য প্রিন্ট।

বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে ভারতের আমদানি ৭ হাজার ৩০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। আগের বছরের একই সময়ে তুলনায় যা ১১ দশমিক ৮২ শতাংশ বেশি।

এদিকে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (এপ্রিল-অক্টোবর) ভারতের রফতানি আয় দাঁড়িয়েছে ৪৪ হাজার ৪৭৪ কোটি ডলারে। গত বছরের একই সময়ে তুলনায় যা ১৯ দশমিক ৫৬ শতাংশ বেশি। এ সময়ে দেশটির আমদানি ৩৩ দশমিক ৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩২৬ কোটি ডলারে।

অক্টোবরে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য রফতানি হয়েছে ২ হাজার ৯৭৪ কোটি ডলারের, আগের বছরে পরিমাণটা ছিল ৩ হাজার ৫৭৩ কোটি ডলার। অন্যদিকে এ বছরের অক্টোবরে পণ্যদ্রব্য আমদানি হয়েছে ৫ হাজার ৬৬৯ কোটি ডলারের, ২০২১ সালের অক্টোবরে তা ছিল ৫ হাজার ৩৬৪ কোটি ডলারের।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পণ্যদ্রব্য রফতানি হয়েছে ২৬ হাজার ৩৩৫ কোটি ডলারের, আগের বছরের একই সময়ে রফতানি হয়েছিল ২৩ হাজার ৩৯৮ কোটি ডলারের। আবার এ সময়ে পণ্যদ্রব্য আমদানি হয়েছিল ৪৩ হাজার ৬৮১ কোটি ডলারের, যেটা আগের বছরের একই সময়ে হয়েছিল ৩২ হাজার ৮১৪ কোটি ডলারের।

মন্ত্রণালয়ের তথ্যে আরো বলা হয়েছে, ২০২২ সালের এপ্রিল থেকে অক্টোবরে বাণিজ্য ঘাটতি হয়েছে ১৭ হাজার ৩৪৬ কোটি ডলারের, আগের বছরে ঘাটতি ছিল ৯ হাজার ৪১৬ কোটি ডলারের। ভারত থেকে পেট্রোলিয়াম-বহির্ভূত পণ্য, রত্ন নয় এমন পণ্য ও গহনা রফতানি হয়েছে ২ হাজার ১৭২ কোটি ডলারের। যা গত বছরে হয়েছিল ২ হাজার ৬১৫ কোটি ডলারের। আবার একইভাবে পেট্রোলিয়াম-বহির্ভূত পণ্য, রত্ন নয় এমন পণ্য ও স্বর্ণ, রুপা ও অন্যান্য ধাতুর গহনা আমদানি হয়েছে ৩ হাজার ৪৪০ কোটি ডলারের। যেখানে আগের বছরে অংকটা ছিল ৩ হাজার ২৮৮ কোটি ডলার।

আগের বছরে ২ হাজার ৩৭ কোটি ডলারের পরিষেবা রফতানি হলেও চলতি বছরে হয়েছে ২ হাজার ৮৫৮ কোটি ডলারের। অন্যদিকে আগের বছরে ১ হাজার ১৬৪ কোটি ডলারের পরিষেবা আমদানির বিপরীতে চলতি বছরে আমদানি হয়েছে ১ হাজার ৬৩০ কোটি ডলারের।