শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করতে চতুর্থ দফায় আলোচনায় বসেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুপক্ষের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে চলতি সপ্তাহে ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী জুনের ১২ থেকে ১৬ তারিখ পরবর্তী আলোচনার তারিখও নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য, বিনিয়োগ ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যসংক্রান্ত প্রস্তাবিত চুক্তির আলোচনা আট বছর স্থগিত থাকার পর ভারত ও ইইউ আলোচনা চালিয়ে নিতে সম্মত হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ জুন শুরু হয় আলোচনা। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব নিধি মনি ত্রিপাঠির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে পিটিআই।

২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শুরু করে ভারত। তবে ২০১৩ সালে তা স্থগিত হয়ে যায়, কারণ কিছু নির্দিষ্ট বিষয়ে দুপক্ষ একমত হতে পারেনি। এসব অমীমাংসিত বিষয়ের মধ্যে ছিল অটোমোবাইল ও স্পিরিটের ওপর কাস্টমস শুল্ক প্রত্যাহার। এবার আলোচনায় সম্মত হলে দুপক্ষের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের পরিমাণ আরো বড় হবে।