ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে যৌথ গবেষণা সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী এবং ট্রেজারার আরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয় এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক ও প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।

অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এসব গবেষণার ফলাফল উচ্চমানের গবেষণা সাময়িকীতে প্রকাশ করা হবে। দুই প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীদের পারস্পরিক বিনিময় কার্যক্রম চালু হবে। ডক্টরাল শিক্ষার্থীদের যৌথ তত্ত্বাবধানের ব্যবস্থাও থাকবে। গবেষণায় যুক্ত শিক্ষকরা অর্থায়ন সহায়তা পাবেন।

—বিজ্ঞপ্তি