বিদেশীদের বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গতকাল ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তৈরি পোশাক, চামড়া, ফার্মাসিউটিক্যাল, প্রক্রিয়াজাত খাদ্য এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে বিভিন্ন সুবিধা গ্রহণের পাশাপাশি বাংলাদেশকে কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হতে পারে।’ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
‘একটি গ্রাম, একটি পণ্য’ উদ্যোগকে সরকারের স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নারীর ক্ষমতায়নে আরো বেশি সুযোগ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্পকে প্রডাক্ট অব দ্য ইয়ার-২০২৪ ঘোষণা করেছেন।’
আঞ্চলিক যোগাযোগ ও সম্পদ বিনিময় সাপ্লাই চেইনের সংকট সমাধানের অন্যতম মাধ্যম দাবি করে পূর্ব এশিয়ার দেশগুলোকে নিজেদের মধ্যে আন্তঃবাণিজ্য সম্পর্ক উন্নত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বৈশ্বিক বাজারে বাংলাদেশী পণ্য ও সেবার চাহিদা পূরণে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।’
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিনিয়োগ আকৃষ্ট এবং বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ব্র্যান্ডিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ হিসেবে সগৌরবে বিশ্ববাজারে তার অবস্থান নিশ্চিত করেছে এবং বিশ্বের ১৬০টিরও বেশি দেশে বাংলাদেশের পোশাক পৌঁছে গেছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ইপিবির ভাইস চেয়ারম্যান এইচএম আহসান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদিরসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।










