বিশ্বের বিভিন্ন দেশে সপ্তাহে পাঁচ থেকে ছয়দিন কাজ করতে হয় কর্মীদের। তবে এ সংখ্যা আরো কমিয়ে ফেলতে চায় অনেক প্রতিষ্ঠান। সেজন্য কর্মদিবস চারদিনে নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। বলা হচ্ছে, চারদিন কর্মদিবস হলে কর্মীদের কাজের গতি ও স্পৃহা বাড়বে, তারা পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন। এরই মধ্যে অনেক দেশের বিভিন্ন প্রতিষ্ঠান পাইলট প্রজেক্ট হিসেবে সপ্তাহে চারদিন কর্মদিবসের ব্যবস্থা চালু করেছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে বিশ্বের প্রায় তিন হাজার প্রতিষ্ঠান সপ্তাহে চারদিন কর্মদিবস হিসেবে কাজ শুরু করেছে। আপাতত ছয় মাসের জন্য এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে যুক্তরাজ্যের ৬০টি প্রতিষ্ঠান রয়েছে। এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে বড় পাইলট প্রজেক্ট। যার লক্ষ্য হলো, কোম্পানিগুলোর আয় না কমিয়ে, ছাঁটাই না করে কর্মীদের কাজের সময় কমিয়ে আনা। একই ধরনের প্রকল্পের কাজ চলছে স্পেন, আইসল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডায়। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগামী আগস্ট থেকেই সপ্তাহে চারদিন কর্মদিবস চালু করে দিচ্ছে।
প্রকল্পটির পেছনে প্রচারের দায়িত্বে আছে ক্যাম্পেইন গ্রুপ ফোর ডে উইক গ্লোবাল। প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার অ্যালেক্স সুজাং কিম পাং বলেন, গোটা বিষয়টাই অনেকের জন্য নতুন। তাই এ-সংক্রান্ত চ্যালেঞ্জ, পরীক্ষা-নিরীক্ষা ও নতুন তথ্য সন্নিবেশের জন্য কোম্পানিগুলোকে আরো বেশি সময় দেয়া হবে। নতুন ধারার সঙ্গে মানিয়ে নেয়া ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ হবে।
টটেনহাম হেল এলাকার প্রতিষ্ঠান প্রেসার ড্রপ ব্রিওয়েরি প্রত্যাশা করছে, সপ্তাহে চার কর্মদিবসের এ নিরীক্ষা কেবল তাদের কর্মীদের উৎপাদনশীলতাই বাড়াবে না, পাশাপাশি তাদের ভালো থাকাও নিশ্চিত করবে। একই সঙ্গে সপ্তাহে তিনদিন অফিস বন্ধ থাকায় কার্বন নিঃসরণও কমবে।
প্রকল্পটিতে যুক্ত আরেকটি প্রতিষ্ঠান হলো দ্য রয়্যাল সোসাইটি অব বায়োলজি। প্রতিষ্ঠানটি বলছে, কর্মীদের কাজের সময় ও ধরনের ওপর আরো বেশি স্বাধীনতা দেয়া হবে। যার মাধ্যমে তারা কাজে আরো মনোযোগী হবেন, আগের চেয়ে ভালো ফলাফল উপহার দেবেন।
চার কর্মদিবসের এ পাইলট প্রজেক্টে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো মনে করে, এর মাধ্যমে আরো বেশি দক্ষ কর্মী ধরে রাখা সম্ভব হবে। কারণ কিছুদিন আগেই করোনা মহামারীর কারণে রীতিমতো কর্মী সংকটে ভুগেছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলো। সে সময় দেশটিতে ১৩ লাখ শূন্য পদের সৃষ্টি হয়েছিল, যা ইতিহাসে সর্বোচ্চ।
নতুন এ কাজের ধরন শিখতে বা এর সঙ্গে অভিযোজনের জন্য আরো কিছু সময় প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রেসার ড্রপ ব্রিওয়েরির সহপ্রতিষ্ঠাতা স্যান স্মিথ বলেন, কিছু প্রতিষ্ঠান সপ্তাহে সাতদিনই খোলা রাখতে হয়। সেগুলোর ক্ষেত্রে সপ্তাহে চার কর্মদিবসের সঙ্গে তাল মিলিয়ে চলা কিছুটা কঠিন। সে কারণেই এ প্রকল্পে যুক্ত হয়ে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, রিটেইল, খাদ্য, পানীয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য সপ্তাহে চারদিন কর্মদিবস প্রবর্তন করা কিছুটা সমস্যার। কারণ এগুলো সপ্তাহে সাতদিনই খোলা রাখতে হয়। যুক্তরাজ্যের পরিষেবা খাত দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কারণে এ খাতে প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নিয়মে কর্মীদের কর্মবণ্টন করা বেশ চ্যালেঞ্জের।
উৎপাদনশীলতার ওপর কর্মঘণ্টা কোনো প্রভাব রাখে না বলেই মনে করছেন গবেষণাসংশ্লিষ্টরা। উদাহরণ হিসেবে ডেনমার্ক, সুইডেন ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোর কথা বলা হচ্ছে। যারা যুক্তরাজ্যের তুলনায় কর্ম কর্মঘণ্টা হিসাব করলেও তাদের উৎপাদনশীলতা অনেক বেশি। অন্যদিকে বেশি সময় কাজ করেও উৎপাদনশীলতায় নিচে রয়েছে গ্রিসের মতো দেশ। সে কারণেই কর্মঘণ্টা কমিয়ে কর্মীদের আরো বেশি ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ করে দেয়ার কথা ভাবছে বড় প্রতিষ্ঠানগুলো।










