চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সাউথইস্ট ব্যাংক লিমিটেডের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা ১২ দশমিক ৬৩ শতাংশ কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩০০ কোটি ৫০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪৩ কোটি ৯২ লাখ টাকা। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ৩০ পয়সা। আর আলোচ্য হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৭০ পয়সা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে সাউথইস্ট ব্যাংক। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। এর আগের হিসাব বছরে যা হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৭ পয়সায়।










