পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান গুনেছে। মূলত বিক্রি কমে যাওয়ার পাশাপাশি টাকার অবমূল্যায়নের কারণে কোম্পানিটির লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে জিপিএইচ ইস্পাতের আয় হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৩১৩ ৭৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ১৬ দশমিক ২৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১৬ কোটি ৪৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৯ কোটি ৪১ লাখ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ৮১ পয়সায়।










