পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড ও প্যাসিফিক ডেনিমস লিমিটেডের শেয়ারদর এবং লেনদেন সম্প্রতি অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুটি। 

এভিন্স টেক্সটাইলস: বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে ১০ ডিসেম্বর এভিন্স টেক্সটাইলসের শেয়ারদর ছিল ১০ টাকা ২০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯ টাকা ৪০ পয়সা ও ১৪ টাকা ৪০ পয়সা।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এভিন্স টেক্সটাইলসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৩৬ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৫ পয়সায়। 

প্যাসিফিক ডেনিমস: গত ৭ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩ টাকা। সর্বশেষ গত রোববার কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ১৭ টাকা ৬০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯ টাকা ৯০ পয়সা ও ১৭ টাকা ৯০ পয়সা।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্যাসিফিক ডেনিমসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬১ পয়সায়।