কোরিয়ান পপ সংগীতের মতোই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে দেশটির নুডলস ও রামেন জাতীয় খাবারগুলো। আগের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে দক্ষিণ কোরিয়ার ইনস্ট্যান্ট নুডলসের রফতানি বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ। পরিসংখ্যানটি প্রথম প্রান্তিকে নুডলসের এ পর্যন্ত সবচেয়ে বেশি রফতানিকে নির্দেশ করে। খবর দ্য কোরিয়া হেরাল্ড। 

দক্ষিণ কোরিয়া অ্যাগ্রো-ফিশারিজ অ্যান্ড ফুড ট্রেড করপোরেশন অনুসারে, দেশটি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ২০ কোটি ৮০ লাখ ডলার মূল্যের ইনস্ট্যান্ট নুডলস বা রামেন রফতানি করে, যা আগের বছরের ১৮ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার থেকে বেশি। প্রথমবারের মতো বছরের প্রথম প্রান্তিকেই নুডলস রফতানি ২০ কোটি ডলারের ঘর অতিক্রম করেছে। আগে যেখানে বছরজুড়েও রফতানি বাবদ এ পরিমাণ আয়ে সমর্থ হতো না দেশটি। 

দেশটির সরকারি কর্মকর্তারা বলেন, কোরিয়ান সিনেমা, নাটক ও সংগীতের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে কোভিড-১৯ মহামারী এক্ষেত্রে এক ধরনের ভূমিকা পালন করেছে। কভিড-পরবর্তী ‘রেডি টু ইট’ জাতীয় খাবারের উচ্চচাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সাম্প্রতিক বছরগুলোয় রামেন রফতানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 

দক্ষিণ কোরিয়ার শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, চীনের পর গত বছর দক্ষিণ কোরিয়া ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নুডলস রফতানিকারক দেশ। গত বছর রামেন, উদন ও ইনস্ট্যান্ট নুডলসসহ দেশটির নুডলস রফতানি ৮৬ কোটি ২০ লাখ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছে।