ব্রাজিলে ২০২৩-২৪ মৌসুমে ভুট্টা উৎপাদন এর আগের মৌসুমের তুলনায় কমতে পারে। সম্প্রতি এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে দেশটির ন্যাশনাল সাপ্লাই কোম্পানি (কোনাব)। কোনাবের এ পূর্বাভাসের সঙ্গে একমত পোষণ করে যুক্তরাষ্ট্রভিত্তিক ইলিনয় বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার অ্যান্ড কনজিউমার ইকোনমিকস জানিয়েছে, বিশ্বব্যাপী ভুট্টার নিম্নমুখী দামের কারণে আবাদযোগ্য জমি কমেছে। এছাড়া দ্বিতীয় আবাদে কম ফলন দেশটিতে ভুট্টার সার্বিক উৎপাদন কমার পেছনে ভূমিকা রাখবে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম।

পূর্বাভাস অনুযায়ী, ব্রাজিলে ২০২৩-২৪ মৌসুমে তিনটি আবাদে ভুট্টার মোট ফলন হতে পারে ৪ হাজার ৬০ কোটি বুশেল (১১ কোটি ৬৮ লাখ টন), যা গত বছরের রেকর্ড ফলনের তুলনায় ১২ শতাংশ কম। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ফলনে মোট আবাদযোগ্য অঞ্চল আগের মৌসুম থেকে ৬ দশমিক ৩ শতাংশ কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোনাব আরো জানায়, ব্রাজিল থেকে ভুট্টা রফতানি জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত ৩৮ শতাংশ কমে যেতে পারে। এ সময় রফতানির পরিমাণ নেমে যেতে পারে ১ হাজার ৩১ কোটি ৯০ লাখ বুশেলে।