রাশিয়ার সামরিক আগ্রাসনের জের ধরে বিধ্বস্ত ইউক্রেন। দেশটিতে মূল্যস্ফীতির হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ও মুদ্রার মান রক্ষার্থে সুদের হার দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে ইউক্রেন। খবর দ্য গার্ডিয়ান।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। রুশ আক্রমণের শুরুতে সুদহার ১০ শতাংশে স্থির করেছিল ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেন (এনবিইউ)। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিরিলো শেভচেনকো সুদহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করেন। এর ফলে ২০১৫ সালের সেপ্টেম্বরের পর ঋণ ব্যয় সর্বোচ্চ হয়েছে দেশটিতে। যুদ্ধের ফলে দেশটির অর্থনীতির বিধ্বস্ত দশা। বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে, এ বছর ইউক্রেনের অর্থনীতি অন্তত এক-তৃতীয়াংশ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে নতুন সহযোগিতা প্রকল্পের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকের আহ্বান জানান কিরিলো শেভচেনকো। যদিও সুদহার বৃদ্ধির ব্যাপক সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা। তিনি বলেন, যুদ্ধের সময় উচ্চ সুদহার অর্থনীতির জন্য ক্ষতিকর।