কপ-২৭ জলবায়ু সম্মেলনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় গ্যাস চুক্তির ঘোষণা দিতে পারেন। গতকাল সোমবার ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাজ্য আশা করে, আগামী বছরে যুক্তরাষ্ট্র তাদের এক হাজার কোটি ঘনমিটার পরিমাণ তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে আছে। শিগগিরই এ নিয়ে ঘোষণা আসতে পারে। তবে চুক্তির আওতায় ঠিক কী পরিমাণ গ্যাস সরবরাহ করা হবে, তা স্পষ্ট করা হয়নি। 

ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে জ্বালানি সংকটে পড়ে ইউরোপ। এ সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের কাছে ১৫০০ কোটি ঘনমিটার এলএনজি সরবরাহে সম্মত হয়।

গ্যাস সংকটের কারণে চলতি বছর প্রায় ১২টি ব্রিটিশ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে ২০ লাখ বেশি গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকার বলছে, তাদের নতুন তিনটি গ্যাস ক্ষেত্রে পুরোপুরি কার্যক্রম শুরু হওয়ার পর ২০২৫ সাল নাগাদ সরবরাহ কিছুটা বাড়বে।