সৌদি আরবে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের পণ্য সরাসরি বিতরণের জন্য শপআপ এর প্যারেন্ট কোম্পানি ‘সিল্ক’ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর তেজগাঁওয়ে শপআপ এর প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উদ্যোগের লক্ষ্য সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী ও দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা।

চুক্তির মাধ্যমে এলিন ফুডস তাদের রফতানি পদ্ধতি পরিবর্তন করে সরাসরি বিতরণ শুরু করবে। ‘সিল্ক’ সৌদি আরব জুড়ে খুচরা বাজারে পণ্য পৌঁছে দিতে কাজ করবে। স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করে পণ্য দ্রুত বাজারে পৌঁছাবে, সরবরাহ অবিচ্ছিন্ন থাকবে ও দেশটির প্রধান শহরগুলোতে বাজার বিস্তার হবে।

প্রাথমিকভাবে এক মিলিয়ন মার্কিন ডলারের শিপমেন্ট এরই মধ্যে চলমান। এটি সৌদির মডার্ন ট্রেড চেইন, হোলসেল ডিস্ট্রিবিউটর ও ছোট দোকানপাট পর্যন্ত পৌঁছাবে। রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ অন্যান্য শহরে কার্যক্রম চালানো হবে। রমজান ও ঈদ উপলক্ষে বাজার প্রস্তুত রাখাতেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। ২০২৬ সালের মধ্যে বিক্রয় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার।

শপআপ বাংলাদেশ এর সিইও আতাউর রহিম চৌধুরী বলেন, উপসাগরীয় অঞ্চলের বাজারে সরাসরি পণ্য পৌঁছানো বাংলাদেশী উৎপাদকদের জন্য স্থায়ী ব্যবসার সুযোগ তৈরি করবে। এ চুক্তির মাধ্যমে পণ্য ভোক্তাদের কাছে সহজে পৌঁছাবে ও ব্র্যান্ড বিকাশের পথ প্রশস্ত হবে।

শপআপ এর প্রেসিডেন্ট মামুন রশিদ বলেন, নিয়মিত ও নির্ভরযোগ্য বিতরণ সাময়িক রফতানি ও টেকসই প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য তৈরি করে। সিল্কের শক্তিশালী অবকাঠামো নিয়মিত বড় পরিসরে বিতরণ নিশ্চিত করবে, যাতে আমাদের দেশী ব্র্যান্ডগুলো বাজারে প্রবেশ করতে পারে।

এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান ও এমডি ওমর ফারুক বলেন, সৌদি আরবে সিল্কের সরাসরি বিতরণের মাধ্যমে পণ্য ভোক্তাদের কাছে নিয়মিত পৌঁছাবে। এ অংশীদারিত্বের মাধ্যমে আমরা বাংলাদেশী খাবারের স্বাদ প্রবাসীদের কাছে পৌঁছে দিতে সক্ষম হব।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শপআপ এর সিইও আতাউর রহিম চৌধুরী, প্রেসিডেন্ট মামুন রশিদ, চিফ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী, জেনারেল ম্যানেজার শিশ মোহাম্মদ, এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান ও এমডি ওমর ফারুক, ডিএমডি আব্দুল মাজেদ রনি, ডিরেক্টর আবু জাবের, সিওও মোহাম্মদ জালাল উদ্দিন ও সিএইচআরও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী শওকত আলম প্রমুখ।