চলমান ইউক্রেন ইস্যুতে বড় ধরনের প্রভাব পড়ছে আন্তর্জাতিক পণ্যবাজারে। দেশটিতে রাশিয়ার সামরিক আগ্রাসনের জেরে সরবরাহ সংকটের শঙ্কায় পড়েছে অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্য। এ অবস্থায় মার্কিন বাজারে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। গতকাল দেশটিতে এক বছরের সর্বোচ্চ বিন্দু স্পর্শ করেছে অলংকার ধাতু স্বর্ণের দাম। অন্যদিকে সাত মাসের সর্বোচ্চ বিন্দু স্পর্শ করেছে অপর অলংকার ধাতু রুপার দাম। নিউইয়র্ক মার্কেটে এপ্রিলে সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণের দাম ৫৬ ডলার ৯০ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ ডলার ২০ সেন্ট। কোমেক্স ফিউচার অনুসারে মার্চে সরবরাহের জন্য প্রতি আউন্স রুপার দাম ৮৭ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৫ ডলার ৪৩ সেন্ট। খবর কিটকো।

গতকাল ইউক্রেনের বিভিন্ন সীমান্তে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকে ধস নামতে শুরু করে বৈশ্বিক পুঁজিবাজারে, যার প্রভাব পড়েছে মার্কিন পুঁজিবাজারেও। এ ঘটনার পর বাড়তে শুরু করে বিভিন্ন ধরনের পণ্যের দামও। বিশ্বব্যাপী পণ্যের সরবরাহ শৃঙ্খলে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে রাশিয়া। শস্য রফতানিতে সরবরাহ শৃঙ্খলের অনেকটা অংশজুড়ে রয়েছে রাশিয়া ও ইউক্রেনের দখল।

বিশ্লেষকরা জানান, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এপ্রিলে সরবরাহের জন্য স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্যের সূচক এমনিতেই শক্তিশালী অবস্থানে ছিল। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ফলে এ সূচক আরো শক্তি অর্জন করেছে। গতকাল দৈনিক দামের তালিকায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল সারা দিন। স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী বাজারের পরবর্তী পদক্ষেপ হলো এপ্রিলে সরবরাহের জন্য অলংকার ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রতি আউন্স ২ হাজার ডলারের বেশি তুলে ধরা। অন্যদিকে নিন্মমুখী বাজারের লক্ষ্য এ দাম ১ হাজার ৯০০ ডলারের নিচে আটকে রাখা।

গতকাল পুঁজিবাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ১ হাজার ৯১১ ডলার ৫০ সেন্ট দিয়ে শুরু হলেও তা দিনশেষে দাঁড়ায় ১ হাজার ৯৭৬ ডলার ৫০ সেন্ট। এ সময় স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ১ হাজার ৯৭০ ডলার, যা স্পট মার্কেটে পণ্যটির এক বছরের সর্বোচ্চ দাম। সাধারণত বিভিন্ন আর্থিক সংকট ও আপত্কালীন সময়ে মানুষের মধ্যে অর্থের নিরাপদ সংস্থান নিশ্চিতে স্বর্ণ ও রুপার চাহিদা বেড়ে যায়। এজন্য যুদ্ধের ফলে পণ্যবাজারে অর্থের পতন ঠেকাতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নেয়ায় পণ্যটির দামে এ উত্থান দেখা যায়।

জানুয়ারির থেকে এখন পর্যন্ত অলংকার ধাতুটির দাম বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ। এসডিডিআর গোল্ড শেয়ারে এক্সচেঞ্জ ট্রেটেড ফান্ডের (ইএফটি) দাম এক বছর আগের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়। এ সময় স্বর্ণ উৎপাদকদের শেয়ারের দামও বাড়ে সমানতালে। গত মাসে কানাডার ব্যারিক গোল্ড করপোরেশনের শেয়ারের দাম বাড়ে ১৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের নিউমন্ট মাইনিংয়ের শেয়ারমূল্য বাড়ে ৮ শতাংশের বেশি।

মার্কিন বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান জেফরি গ্রুপের নীতিকৌশল দল জানায়, দীর্ঘমেয়াদে স্বর্ণ উত্তোলকদের নতুন অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে মার্চে সরবরাহের জন্য রুপার মূল্যসূচকও ঊর্ধ্বমুখী বাজারে বেশ এগিয়ে ছিল। ইউক্রেন ইস্যুতে এটি আরো শক্তিশালী হয়েছে বলে মত দেন বিশ্লেষকরা। স্বর্ণের মতো এ ধাতুটিরও দৈনিক দামের তালিকায় অবস্থান বেশ ঊর্ধ্বমুখী ছিল সারা দিন। ঊর্ধ্বমুখী বাজার অনুসারে ধাতুটির দাম প্রতি আউন্ড ২৬ ডলার পর্যন্ত দাঁড়াতে পারে, যদিও নিন্মমুখী বাজারে পণ্যটির দাম ২৩ ডলার ৭১ সেন্টে আটকে রাখার চেষ্টা চলছে।