ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) আসন্ন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২৬ এর জন্য নির্বাচন পরিচালনা বোর্ড এবং আপিল বোর্ড গঠন করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে এ নির্বাচন পরিচালনা বোর্ড এবং আপিল বোর্ডটি গঠন করা হয়েছে।

সংসদ সদস্য জারা জবিন মাহবুব নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বেসিসের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড ডিরেক্টর প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহমুদ নির্বাচন পরিচালনা বোর্ডর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন যে কোনো অভিযোগ বা আপিলের সমাধানের জন্য আপিল বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও লিগ্যাল সার্কেলের প্রতিষ্ঠাতা অনিতা গাজী রহমান আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। —বিজ্ঞপ্তি