ইন্দোনেশিয়ার পাম অয়েল রফতানিতে চাঙ্গাভাব দেখা দিয়েছে। চলতি বছরের মে মাসে দেশটির রফতানি বেড়েছে ২১ দশমিক ৬ শতাংশ। মূলত পাকিস্তান, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঊর্ধ্বমুখী চাহিদার কারণে পণ্যটির রফতানি বাড়িয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন (জিএপিকেআই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া। প্রতিবেদনে বলা হয়, মে মাসে দেশটি ২৯ লাখ ৫০ হাজার টন পাম অয়েল রফতানি করে। গত বছরের একই সময় রফতানি করা হয়েছিল ২৪ লাখ ৩০ হাজার টন। এদিকে চলতি বছরের এপ্রিলের তুলনায় রফতানি ১২ শতাংশ বেড়েছে।

জিএপিকেআইয়ের নির্বাহী পরিচালক মুক্তি সার্জোনো বলেন, রফতানীকৃত পাম অয়েলের সবচেয়ে বড় অংশ সরবরাহ করা হয়েছে পাকিস্তানে। মে মাসে দেশটিতে ২ লাখ ৬৫ হাজার ৫০০ টন পাম অয়েল রফতানি করে ইন্দোনেশিয়া। এপ্রিলে রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৩৮ হাজার টন। আফ্রিকার দেশগুলোতে রফতানি ১ লাখ ৩ হাজার ৬০০ টন থেকে বেড়ে ২ লাখ ৪৩ হাজার ২০০ টনে উন্নীত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রফতানি ৭৫ হাজার ১০০ টন থেকে বেড়ে ১ লাখ ৫৪ হাাজার ৭২০ টনে পৌঁছেছে। এদিকে চাহিদার অনুপাতে উৎপাদন না বাড়ায় মে মাসের শেষে পাম অয়েলের মজুদ কমেছে ৭ দশমিক ৭ শতাংশ।